পাকিস্তান ক্রিকেট দল। — ফাইল চিত্র।
আর্থিক ক্ষতির কথা ভেবে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার অনুরোধ করেছিলেন বাংলাদেশের এক ক্রিকেট কর্তা। একই পথে হাঁটতে চলেছে শ্রীলঙ্কা ক্রিকেটও। ভারতের বিরুদ্ধে খেলার আর্জি জানিয়ে পাকিস্তানকে সরকারি ভাবে চিঠি লিখতে চলেছে তারা। প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা করেই চিঠি লেখা হচ্ছে।
ভারতের বিরুদ্ধে খেলবে না বলে গত ১ ফেব্রুয়ারি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও একই কথা বলেছেন। তবে শ্রীলঙ্কা বোর্ডের সূত্র পিটিআই-কে জানিয়েছেন, তাদের কর্মসমিতির বৈঠকে পাকিস্তানকে চিঠি পাঠানো হবে। বৃহস্পতিবার সেই চিঠি পাঠিয়েও দেওয়া হয়েছে।
ম্যাচ বাতিলের বিরূপ প্রতিক্রিয়ার কথা জানিয়ে পাকিস্তানকে সতর্কও করে দিয়েছে শ্রীলঙ্কা। জানিয়েছে, হোটেল বুকিং, বিমান বুকিং বাতিল হলে যে পরিমাণ ক্ষতির সামনে পড়তে হবে, তা সামলানো সম্ভব নয়। শ্রীলঙ্কা জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচে মাঠভর্তি হয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত তারা। কিন্তু পাকিস্তান না খেললে সব দিক থেকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
শ্রীলঙ্কার সরকারও পাশে রয়েছে ক্রিকেট বোর্ডের। পাকিস্তানকে বয়কট প্রসঙ্গে সতর্ক করে জানানো হয়েছে, এতে শ্রীলঙ্কার ক্রিকেট শুধু নয়, গোটা বিশ্বের ক্রিকেটব্যবস্থায় প্রভাব পড়বে। প্রতিযোগিতা আয়োজনেও সমস্যা হতে পারে। শ্রীলঙ্কা জানিয়েছে, জঙ্গি হামলার পর যখন পাকিস্তানে খেলতে যেতে কোনও দেশ রাজি ছিল না, তখনই তারাই গিয়েছিল। এ বার পাকিস্তানের প্রতিদানের সময়।
শ্রীলঙ্কা জানিয়েছে, কলম্বোয় পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তা এবং আপ্যায়নে কোনও ত্রুটি হবে না। কিন্তু ভারত ম্যাচ বয়কট করলে কোনও ভাবেই পাকিস্তানের পাশে থাকবে না তারা।