ট্র্যাভিস হেড (বাঁ দিকে) ও অভিষেক শর্মা। ছবি: পিটিআই।
আবার হতাশ করল পঞ্জাব কিংসের বোলিং। শেষ তিনটি ম্যাচের মধ্যে দু’টিতে অর্শদীপ সিংহ, মার্কো জানসেনরা ২২২ ও ২৬৪ রান দিয়েছিলেন। এ বার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধেও দেদার রান বিলোলেন তাঁরা। পাশাপাশি পড়ল একের পর এক ক্যাচ। সে সবের ফায়দা তুললেন হায়দরাবাদের ব্যাটারেরা। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিশন, হাইনরিখ ক্লাসেন ও নীতীশ রেড্ডির ব্যাটে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান করল হায়দরাবাদ। অর্থাৎ, আবার বড় রান তাড়া করতে হবে শ্রেয়স আয়ারদের।
টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করে ‘ট্যাভিষেক’ জুটি। নিজেদের পরিচিত ছন্দে ব্যাট করতে থাকেন হেড ও অভিষেক। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান করতে থাকেন তাঁরা। দুই ব্যাটার মিলিয়ে ৩২ বল খেলেন। করেন ৭৩ রান। সেখানেই পিছিয়ে পড়ে পঞ্জাব। নতুন বল হাতে অর্শদীপ, জানসেন উইকেট তুলতে পারেননি।
পঞ্জাবকে প্রথম ধাক্কা দেন লকি ফার্গুসন। ১৩ বলে ৩৫ রান করে আউট হন অভিষেক। হেড করেন ১৯ বলে ৩৮ রান। তাঁকে ফেরান যুজবেন্দ্র চহল। উইকেট পড়লেও হায়দরাবাদের রান তোলার গতি কমেনি। নেপথ্যে ঈশান ও ক্লাসেন।
তবে দুই ব্যাটারকে অনেক সুবিধা করে দেন পঞ্জাবের ফিল্ডারেরা। ৯ ও ১৮ রানের মাথায় ঈশান ও ৯ রানের মাথায় ক্লাসেনের সহজ ক্যাচ পড়ল। ঈশানের স্টাম্প আউটের সুযোগ ফস্কান প্রভসিমরন সিংহ। সেই সুযোগ কাজে লাগান দুই ব্যাটার। দু’জনেই অর্ধশতরান করেন।
৩২ বলে ৫৫ রান করে অর্শদীপের বলে আউট হন ঈশান। তার পর নীতীশের সঙ্গে জুটি বাঁধেন ক্লাসেন। এই জুটি দলের রান ২৩৫ পর্যন্ত নিয়ে যায়। ইনিংসের শেষ বলে আউট হন ক্লাসেন। তিনি করেন ৪৩ বলে ৬৯ রান। নীতীশ ১৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
পঞ্জাবের চার পেসারই রান দিয়েছেন। অর্শদীপ ৪৩, ফার্গুসন ৪১, বিজয়কুমার বৈশাখ ৫৪ ও জানসেন ৬১ রান দিয়েছেন। একমাত্র ভাল দেখিয়েছে চহলকে। চার ওভারে ৩২ রান দিয়েছেন তিনি।