ICC T20 World Cup 2026

বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার, রাচিন, স‍্যান্টনারের দাপটে জিতে পাকিস্তানকেও চাপে ফেলে দিল নিউ জ়িল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল প্রতিযোগিতার যুগ্ম আয়োজক দেশ শ্রীলঙ্কা। বুধবার কলম্বোয় নিউ জ়িল্যান্ডের কাছে হেরে গেল তারা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। শেষ ম্যাচ জিতলেও আর তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩০
Share:

নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস। ছবি: রয়টার্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল প্রতিযোগিতার যুগ্ম আয়োজক দেশ শ্রীলঙ্কা। বুধবার কলম্বোয় নিউ জ়িল্যান্ডের কাছে হেরে গেল তারা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। নিউ জ়িল্যান্ডের কাছে হারের ফলে শেষ ম্যাচ জিতলেও আর তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নেই। এ দিন প্রথমে ব্যাট করে নিউ জ়িল্যান্ড ১৬৮/৭ তুলেছিল। জবাবে শ্রীলঙ্কাকে থামতে হল ১০৭/৮ রানে। কিউয়িরা জিতল ৬১ রানে। ব্যাটে-বলে ভাল খেলে নজর কেড়ে নিলেন রাচিন রবীন্দ্র।

Advertisement

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউ জ়িল্যান্ডের শুরুটা খারাপ হয়নি। দুই ওপেনার টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন শুরুটা আগ্রাসী ভাবেই করেছিলেন। তবে কয়েক বলের ব্যবধানে সেইফার্ট (৮) এবং অ্যালেন (২৩) দু’জনেই ফিরে যান। সেখান থেকে ইংল্যান্ডের হাল ধরেন রাচিন (৩২) এবং গ্লেন ফিলিপস (১৮)। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে ৪১ রান তোলেন।

এর পর মাহিশ থিকশানার বোলিংয়ে আচমকা লন্ডভন্ড হয়ে যায় নিউ জ়িল্যান্ডের ব্যাটিং। ১৬ বলের ব্যবধানে চারটি উইকেট হারায় তারা। প্রথমে ফিলিপস, তার পর রবীন্দ্র ফিরে যান। টিকতে পারেননি মার্ক চ্যাপম্যান (০) এবং ড্যারিল মিচেলও (৩)।

Advertisement

১২.১ ওভারে ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নিউ জ়িল্যান্ড। সেখান থেকে দলের হাল ধরেন মিচেল স্যান্টনার এবং কোল ম্যাকঞ্চি। দু’জনে মিলে সপ্তম উইকেটে মাত্র ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়েন। ২৬ বলে ৪৭ রানের ইনিংসে চারটি ছয় এবং দু’টি চার মেরেছেন স্যান্টনার। ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ম্যাকঞ্চি। তিনি তিনটি চার এবং দু’টি ছয় মেরেছেন।

এই জুটির শুরুটা ভাল হয়নি। ১৬ ওভারে মাত্র ৯৮ রান তুলেছিল তারা। সেখান থেকে খেলা ঘুরে যায়। দুষ্মন্ত চামিরাকে এক ওভারে দু’টি ছয় এবং একটি চার মেরে ১৮ রান নেন ম্যাকঞ্চি। এর পর শ্রীলঙ্কার সেরা বোলার থিকশানাকে একটি চার এবং দু’টি ছয় মারেন স্যান্টনার। সেই ওভারে ওঠে ২১। এই জুটির দাপটে শেষ চার ওভারে ৭০ রান তোলে নিউ জ়িল্যান্ড। গোটা ম্যাচে ভাল বল করেও শেষ চার ওভার ডুবিয়ে দেয় শ্রীলঙ্কাকে।

রান তাড়া করতে নেমে ম্যাট হেনরির প্রথম বলেই ছিটকে যান পাথুম নিসঙ্কের (০) স্টাম্প। তৃতীয় ওভারে ফেরেন চরিত আসালঙ্ক (৫)। এর পর যত সময় গড়িয়েছে তত উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ক্রিজ় কামড়ে পড়ে থাকার মানসিকতা দেখাতে পারেননি কেউ। বিপক্ষের ব্যাটারেরা যেখানে কলম্বোয় এসে শাসন করে যাচ্ছেন, সেখানে নিজেদের দেশের মাটিতেই ব্যাটিং ভুলে যায় শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে তারা জ়িম্বাবোয়ের কাছে হেরেছিল। এ বার ইংল্যান্ড ও নিউ জ়িল্যান্ডের কাছে হারায় এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান কামিন্দু মেন্ডিসের (৩১)। চার ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট রবীন্দ্রের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement