কার্ডপ্রদান অনুষ্ঠানে অধিনায়কদের সঙ্গে তামিম। — ফাইল চিত্র।
বাংলাদেশের বর্তমান এবং প্রাক্তন অধিনায়কদের জন্য বিশেষ ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করলেন ভারপ্রাপ্ত বোর্ডপ্রধান তামিম ইকবাল। একটি অনুষ্ঠানে অধিনায়কদের সম্মান জানানোর পাশাপাশি তিনি এই কার্ড চালু করে জানিয়েছেন, ছোট হলেও অধিনায়কেরা বাংলাদেশের ক্রিকেটের প্রতি তাঁদের অবদানের জন্য যেন স্বীকৃত পান তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বোর্ডের উদ্যোগে ৩৩ জন অধিনায়ক উপকৃত হবেন। এঁদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ৬ জন মহিলা। ১৯৭৭ থেকে যাঁরা বাংলাদেশের ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন তাঁদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে। ২১ জন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কার্ড গ্রহণ করেছেন।
অতীতে কোনও খেলা দেখতে স্টেডিয়ামে ঢুকতে গিয়ে বা অন্য কোনও জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছেন প্রাক্তন অধিনায়কেরা। তামিম জানিয়েছেন, তাঁর নেতৃত্বে এ সব হবে না। তামিম বলেছেন, “বাংলাদেশের ক্রিকেটের প্রতি আপনাদের যে অবদান তার তুলনায় এই কার্ড খুব বড় কিছু নয়। তবে এটা একটা শুরু। আগে সব সময় নিরাপত্তার অভাব কাজ করত। মাঠে গেলেও কেউ যদি আমাকে চিনতে না পারে এবং আটকে দেয় তখন কী হবে? আমার সম্মান কি থাকবে? এ সব ভাবতাম। আমার নিজের সঙ্গেও অনেক বার হয়েছে। আপনাদের সঙ্গেও হয়েছে। বাংলাদেশের ক্রিকেটকে যারা তৈরি করেছে তাদের এমন অবস্থা হওয়া দুর্ভাগ্যজনক।”
তামিমের সংযোজন, “আমি চাই না বাংলাদেশের অধিনায়ক টিকিটের জন্য কাউকে ফোন করুক বা লাইনে দাঁড়াক। আমি যত দিন আছি তত দিন তা হবে না।” তামিম জানিয়েছেন, এই কার্ডের সাহায্যে বাংলাদেশে অনুষ্ঠেয় সমস্ত ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ মাঠে গিয়ে দেখতে পাবেন অধিনায়কেরা।