IPL 2026

বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচ দেখতে গিয়ে প্রতারকের খপ্পরে ২৫ বছরের সমর্থক, খোয়ালেন দেড় লক্ষ টাকা

বেঙ্গালুরুর ঘরের মাঠে ম্যাচ থাকলে এমনিতেই সমর্থকদের আগ্রহ তুঙ্গে থাকে। সেই উৎসাহের চোটেই প্রতারকের খপ্পরে পড়ে দেড় লক্ষ টাকা খোয়ালেন এক সমর্থক। কী হয়েছিল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২১:০১
Share:

বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচের মুহূর্ত। ছবি: পিটিআই।

বেঙ্গালুরুর ঘরের মাঠে ম্যাচ থাকলে এমনিতেই সমর্থকদের আগ্রহ তুঙ্গে থাকে। যদি সেই ম্যাচ হয় চেন্নাইয়ের বিরুদ্ধে তা হলে সব উৎসাহ মাত্রা ছাড়িয়ে যায়। সেই উৎসাহের চোটেই প্রতারকের খপ্পরে পড়ে দেড় লক্ষ টাকা খোয়ালেন এক সমর্থক। অচেনা ব্যক্তির থেকে টিকিট কিনতে গিয়েছিলেন তিনি। তা সফল না হওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি এমনিতেই প্রকাশ্যে এসেছে। বি নারায়ণপুরার এক সমর্থক সেই ফাঁদেই পা দিয়েছিলেন। সমাজমাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই ব্যক্তির থেকে টিকিট কিনতে গিয়েই প্রতারিত হয়েছেন তিনি। মহাদেবপুরা থানায় সুমিত বিসওয়াল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। সুমিত নিজেকে চিন্নাস্বামী স্টেডিয়ামের বর্ষীয়ান কর্তা হিসাবে পরিচয় দিয়েছিলেন বলে দাবি সমর্থকের।

এক সংবাদমাধ্যমে ওই সমর্থক বলেছেন, “উনি আমাকে স্টেডিয়ামের ১০ নম্বর গেটের সামনে আসতে বলেছিলেন। আশ্বাস দিয়েছিলেন কেউ একজন টিকিট এনে আমার হাতে তুলে দেবে। একটি ই-মেলও করেন যাতে আমার বিশ্বাস দৃঢ় হয়। কিন্তু টিকিট হাতে আসেনি।”

Advertisement

সমর্থক আরও বলেছেন, “প্রথমে আমি ৩৭০০ টাকা করে দু’টি টিকিট কিনতে রাজি হয়েছিলাম। কিন্তু উনি বিভিন্ন কারণ দেখিয়ে আরও টাকা দাবি করতে থাকেন। বলেন নিরাপত্তা খাতে নেওয়া হলেও বাড়তি টাকা পরে ফেরত দেওয়া হবে। ফুড কুপনেরও প্রতিশ্রুতি ছিল। ওঁকে বিশ্বাস করে একাধিক বার টাকা দিই। আমার ব্যাঙ্কের টাকা নিঃশেষ হয়ে যাওয়ায় মায়ের অ্যাকাউন্ট থেকেও টাকা পাঠাই। সব মিলিয়ে ১.৪৬ লক্ষ টাকা দিয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement