এ বারের আইপিএলে জেতা পাঁচটি ট্রফির সঙ্গে বৈভব সূর্যবংশী। ছবি: এক্স।
কমলা টুপি, আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার, সবচেয়ে বেশি ছক্কা, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট, সেরা উদীয়মান ক্রিকেটার— এই সবের মালিক একজনই। বৈভব সূর্যবংশী। এ বারের আইপিএলের সবচেয়ে সফল ক্রিকেটারের নাম বৈভব। আইপিএল শেষে বেড়ে গিয়েছে বৈভবের দর। এখন বিজ্ঞাপনের মুখ হতে দ্বিগুণ টাকা নিচ্ছে সে।
‘এনডিটিভি’ জানিয়েছে, আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের মুখ হতে ১ কোটি টাকা নিত বৈভব। সেই টাকা বেড়ে ২ কোটি হয়ে গিয়েছে। আইপিএলের আগে একটি শিশুখাদ্য ও একটি পানীয় সংস্থার বিজ্ঞাপনের মুখ ছিল বৈভব। সেই দু’টির জন্য ১ কোটি টাকা নিয়েছিল সে। আইপিএলের পর ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থা তার সঙ্গে কথা বলেছে। তখনই এই দ্বিগুণ দরের কথা জানা গিয়েছে।
বৈভব নিজে বিজ্ঞাপনের দিকটি দেখে না। তার বাবা-মা পুরো বিষয়টি দেখেন। তাঁরাই ‘এনডিটিভি’-কে বিষয়টি জানিয়েছেন। তাঁদের মতে, বৈভবের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে সংস্থাগুলি এত লাভ করছে। তার কিছুটা তো বৈভবের প্রাপ্য। সেই কারণেই দর বাড়ানো হয়েছে।
আইপিএলে ২০২২ সালের মেগা নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনেছিল রাজস্থান রয়্যালস। তবে গত দু’বছরে, বিশেষ করে এ বার বৈভব যা খেলেছে, তাতে এখন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার ক্ষমতা তার। যদি সে নিলামে নামে তা হলে তার দাম ৩০ কোটি টাকার বেশি হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। রাজস্থান তাকে কোনও মতেই ছাড়বে না। তবে পরের মরসুমের পর বড় নিলামের আগে বৈভবকে ধরে রাখতে যে রাজস্থানকে বড় টাকা খরচ করতে হবে তা নিশ্চিত। ১৫ থেকে ১৮ কোটি টাকা দাম হতে পারে তার। এখন থেকেই সেই ছবিটা স্পষ্ট হতে শুরু করেছে।