আউট হয়ে হতাশ বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।
ডাগআউটে হতাশ মুখে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন রিয়ান পরাগ। নিজের আসনে বসে হাততালি দিচ্ছিলেন রাজস্থান রয়্যালসের কোচ কুমার সঙ্গকারা। দলের মালিক লক্ষ্মী মিত্তল উচ্ছ্বসিত। এমনকি, প্রতিপক্ষ দলের মালকিন কাব্য মারানও হাততালি না দিয়ে থাকতে পারলেন না। মাঠে তখন বৈভব সূর্যবংশীর পিঠ চাপড়ে দিচ্ছেন প্রতিপক্ষ দলের ঈশান কিশন, অভিষেক শর্মারা। কিন্তু বৈভব নিজে হতাশ। ডাগআউটে ফিরতে ইচ্ছা করছিল না তার। পা চলছিল না। কিন্তু কিছু করার নেই। অল্পের জন্য আইপিএলে রেকর্ড করতে পারেনি সে। কিন্তু তার মধ্যেই ঝড় তুলেছে বৈভব।
মুল্লানপুরের মাঠে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৯৭ রান করেছে বৈভব। মেরেছে ৫টি চার ও ১২টি ছক্কা। আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ড ছিল ক্রিস গেলের দখলে। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর হয়ে রাইজ়িং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে শতরান করেছিলেন তিনি। যে বলে বৈভব আউট হল, সেটি আর একটু হলেই ছক্কা হয়ে যেত। কিন্তু হল না। ফলে রক্ষা পেল গেলের রেকর্ড। তবে ২৯ বলের ইনিংসে বৈভব যে ঝড় তুলল, তার প্রশংসা করল গোটা স্টেডিয়াম। মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।
বৈভবের ইনিংস দেখে সমাজমাধ্যমে প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। তিনি লেখেন, “বৈভবের ব্যাট চালানো অসাধারণ। যেটা দেখে আরও ভাল লাগে, তা হল, কত সুন্দর ভাবে সামনের পা সরিয়ে বল মারার জন্য ও জায়গা তৈরি করে। এটা ওকে শট মারার স্বাধীনতা দেয়। ও যা করছে তা অবিশ্বাস্য।”
আইপিএলে দ্বিতীয় ও তৃতীয় দ্রুততম শতরানের রেকর্ড রয়েছেন বৈভবের দখলে। গত বছর ৩৫ বলে শতরান করেছিল সে। এ বার করেছে ৩৬ বলে শতরান। কিন্তু কয়েক দিন আগেই বৈভব জানিয়েছিল, তার লক্ষ্য ২৫ বলে শতরান। তেমনটাই খেলছিল রাজস্থান রয়্যালসের ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত হল না। আউট হয়ে মাথায় হাত বৈভবের। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল, অল্পের জন্য রেকর্ড হাতছাড়া হওয়ায় কতটা হতাশ হয়েছে সে।
গেলের শতরানের রেকর্ড ভাঙতে না পারলেও এই ম্যাচে জোড়া রেকর্ড গড়েছে বৈভব। তার মধ্যে একটি গেলেরই রেকর্ড ভেঙে। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছে বৈভব। এলিমিনেটরে নামার আগে গেলের রেকর্ড ভাঙতে বৈভবের দরকার ছিল সাতটি ছক্কা। সেটি ভাঙতে বেশি সময় নেয়নি সে। প্রথম ওভারের শেষ বলে প্যাট কামিন্সকে ছক্কা মারে বৈভব। সেই শুরু। পরের ওভারে ঈশান মালিঙ্গাকে আরও একটি ছক্কা মারে সে। তৃতীয় ওভারে কামিন্সের বলে তিনটি ছক্কা মারে বৈভব। চতুর্থ ওভারে সাকিব হুসেনের বলে আরও তিনটি ছক্কা মারে বৈভব। তৃতীয় ছক্কায় অর্ধশতরান পূর্ণ করে সে। সেই সঙ্গে ভেঙে ফেলে গেলের রেকর্ড।
আইপিএলে এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়ল বৈভব। ২০১২ সালে গেল মেরেছিলেম ৫৯ ছক্কা। সেটিই ছিল এত দিন রেকর্ড। ১৪ বছর পর সেই রেকর্ড ভাঙল। এই মরসুমে বৈভবের ছক্কার সংখ্যা ৬৫। যদি হায়দরাবাদকে হারিয়ে রাজস্থান দ্বিতীয় কোয়ালিফায়ারে ওঠে তা হলে বৈভবের ছক্কার সংখ্যা আরও বাড়তে পারে।
পাশাপাশি আইপিএলের নকআউটে দ্রুততম অর্ধশতরানও করল বৈভব। ২০১৪ সালে ওয়ানখেডেতে ১৬ বলে অর্ধশতরান করেছিলেন সুরেশ রায়না। সেই নজির ছুঁয়ে ফেলল বৈভব। অর্থাৎ, মাত্র ১৬ বলে জোড়া রেকর্ড গড়ে ফেলল বিহারের ছেলে। তৃতীয় রেকর্ড অবশ্য হাতছাড়া হল তার।