Anik Dutta death

কিছু অপছন্দ হলে আমরা বলতে ভয় পাই, অনীকদা যেটা ঠিক মনে করতেন, স্পষ্ট বলে দিতেন: আবীর

অনীক দত্তের ‘মেঘনাদবধ রহস্য’-তেও অভিনয় করেছিলেন আবীর। পরিচালকের সঙ্গে বহু স্মৃতি রয়েছে অভিনেতার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ২১:০৮
Share:

অনীকের স্মৃতিতে ডুব আবীরের! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অনীক দত্তের মৃত্যুর খবর অনেকের মতোই মেনে নিতে পারছেন না আবীর চট্টোপাধ্যায়ও। পরিচালকের শেষ ছবির নায়ক তিনিই। গত বছর পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-তে অভিনয় করেছিলেন আবীর। ছবি মুক্তি নিয়ে জটিলতা তৈরি হলেও, পরে তা প্রেক্ষাগৃহে দেখেছিলেন দর্শক। সাড়াও ফেলেছিল সেই ছবি।

Advertisement

ছবিটি নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। অভিনেতার প্রতি কিছু অনুযোগও প্রকাশ করেছিলেন অনীক। কিন্তু তাঁর মৃত্যুর খবরে স্তম্ভিত আবীর।

অনীক দত্তের ‘মেঘনাদবধ রহস্য’-তেও অভিনয় করেছিলেন আবীর। পরিচালকের সঙ্গে বহু স্মৃতি রয়েছে তাঁর। তাই শোকস্তব্ধ আবীর বলেন, “এই খবর সত্যিই কল্পনাতীত। প্রথমে ভেবেছিলাম, অসুস্থতাজনিত কারণে কিছু হয়েছে। কারণ দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। কিন্তু পরে সবটা জেনে হতবাক হয়ে যাই। ভাবতে পারছি না এমনও হতে পারে।”

Advertisement

বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার বাড়ির ছাদ থেকে পড়ে যান অনীক। হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ‘সুইসাইড নোট’। তাই আবীরের কথায়, “অসুস্থ হয়ে কারও মৃত্যু হলে, মনকে সান্ত্বনা দেওয়ার জায়গা থাকে। কিন্তু এমন ঘটনা সত্যিই স্তব্ধ করে দেয়। অনীকদার তো তেমন বয়সও হয়নি। খবর পেয়েছিলাম, অনীকদাকে রাজি করানো গিয়েছিল আর একটি ছবি পরিচালনা করার জন্য। তিনিও নাকি পরের ছবির পরিকল্পনা করছিলেন। সেই জায়গা থেকে হঠাৎ চলে যাওয়া, মেনে নেওয়া যাচ্ছে না।”

অনীক দত্তের সঙ্গে বহু স্মৃতি আবীরের। সেই সব স্মৃতি এ ভাবে রোমন্থন করতে হবে, তা ভাবেননি তিনি। কাজের অভিজ্ঞতা থেকেই আবীর বলেন, “সকলের থেকে অনীকদাকে আলাদা করে দিত তাঁর রসবোধ। ওঁর পড়াশোনার পরিধিও বড়। বুদ্ধিদীপ্ত মানুষ।” এর পরেই প্রয়াত পরিচালকের আরও একটি গুণের প্রশংসা করেন আবীর। তাঁর কথায়, “যেটা বলার, সেটা তিনি ঠিক বলেই দিতেন। রাজনৈতিক থেকে যে কোনও বিষয়েই ভীষণ স্পষ্টভাষী মানুষ তিনি। আপস করতে জানতেন না। কোনও কিছু অপছন্দ হলে এত সহজে বলতে পারি না। আমরা ভয় পাই। না হলে ভাবি, ‘থাক, ঝামেলার কী দরকার!’ এমন সোজা কথার মানুষ দিন দিন চারপাশ থেকে কমে যাচ্ছে।”

অনীক দত্তের ছবি বাংলা চলচ্চিত্রে অন্য মাত্রা যোগ করেছে বলে মনে করেন আবীর। পরিচালকের সঙ্গে বিজ্ঞাপনের কাজও করেছেন অভিনেতা। তাই পরিচালকের সৃজনশীলতার প্রতিও মুগ্ধ ছিলেন। জানান আবীর। তিনি বলেন, “ওঁর মতো লেখার হাত কম মানুষের আছে।” মাস খানেক আগে শেষ বার কথা হয়েছিল পরিচালকের সঙ্গে।

‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবি মুক্তির ৫০তম দিনে আবীরের সঙ্গে খুনসুটিও করেছিলেন পরিচালক। আবীরের কথায়, “সেই দিন মজাও করেছিলেন অনীকদা। পরে একটি সাকসেস পার্টি হয়। সেই দিন আমিও অনীকদার সঙ্গে হইহই করে মজা করেছিলাম। পার্ক স্ট্রিট নিয়ে ছবি, আর সেই পার্ক স্ট্রিটেই পার্টি। সেই দিনটি আজও মনে আছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement