Rohit-Kohli ODI Career

কোহলি-রোহিতের জন্য ভারতীয় দলের সূচি বদলের চেষ্টা বোর্ডের, বিশ্বকাপের আগে দুই ব্যাটারকে বেশি ম্যাচ দিতে চান কর্তারা

২০২৩ সালে ঘরের মাঠে ফাইনালে উঠেও এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেননি রোহিত শর্মার দল। ট্রফি জিততে না পারার আক্ষেপ রয়েছে বিরাট কোহলিরও। ২০২৭ সালে আক্ষেপ মেটাতে চান তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২২:৪৪
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই আগামী বছরের এক দিনের বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরিবর্তন করার চেষ্টা হচ্ছে ভারতীয় দলের সূচি। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে যত বেশি সম্ভব ম্যাচ খেলার সুযোগ করে দেওয়াই লক্ষ্য বোর্ড কর্তাদের।

Advertisement

২০২৩ সালে ঘরের মাঠে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেননি রোহিতের দল। ট্রফি জিততে না পারার আক্ষেপ রয়েছে কোহলিরও। তা ছাড়া ২০১১ সালের পর এক দিনের বিশ্বকাপ জিততে পারেনি ভারত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে দেশকে এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করতে চান দুই সিনিয়র ক্রিকেটার। দু’জনেই টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। দেশের হয়ে এখন শুধু এক দিনের ক্রিকেট খেলেন। বিশ্বকাপের আগে তাঁদের ম্যাচ খেলার সুযোগ করে দিতে ভারতীয় দলের সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, দুই সিনিয়র ক্রিকেটারের কথা ভেবে বদল করা হতে পারে নিউ জ়িল্যান্ড সফরের সূচি। ছ’বছর নিউ জ়িল্যান্ডে পূর্ণাঙ্গ সফর করবে ভারতীয় দল। আগামী অক্টোবরের ওই সফরে দু’টি টেস্ট, দু’টি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। বিসিসিআই কর্তারা চাইছেন টি-টোয়েন্টি সিরিজ় তিন ম্যাচের করে এক দিনের ম্যাচের সংখ্যা চার করতে। বিষয়টি নিয়ে নিউ জ়িল্যান্ড ক্রিকেটের কর্তাদের সঙ্গে আলোচনা করছেন বিসিসিআই কর্তারা। মনে করা হচ্ছে, সূচি পরিবর্তন করতে সমস্যা হবে না। আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে নিউ জ়িল্যান্ডও বেশি এক দিনের ম্যাচ খেলতে রাজি হবে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রয়েছে আইপিএল। তার পর আবার শুরু হবে ভারতীয় দলের সূচি। জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলবে ভারত। তার পর জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলবে শুভমন গিলের দল। এই সূচি ঠিক হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement