IPL 2026

সময়ের আগেই চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন ধোনি? চেন্নাইয়ের নতুন ভিডিয়ো ঘিরে শুরু জল্পনা

আইপিএল শুরু হওয়ার আগে চেন্নাইয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, দু’সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। আচমকাই একটি ভিডিয়ো ঘিরে জল্পনা তৈরি হল সমর্থকদের মধ্যে। কী রয়েছে সেই ভিডিয়োয়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১১:২১
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

আইপিএল শুরু হওয়ার আগে চেন্নাইয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, দু’সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। আচমকাই একটি ভিডিয়ো ঘিরে জল্পনা তৈরি হল সমর্থকদের মধ্যে। ভিডিয়োয় ধোনিকে অনুশীলন করতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, দু’সপ্তাহের আগেই চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন তিনি।

Advertisement

ধোনি পায়ের পেশিতে চোট পেয়েছেন। তবে বুধবার ভিডিয়োয় তাঁকে কিটব্যাগ টেনে অনুশীলনে নামতে দেখা গিয়েছে। পাশে একজন সাপোর্ট স্টাফকেও টেনে নিয়ে গল্প জুড়ে দেন তিনি। পরে আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানে ধোনিকে নেটে স্বচ্ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে। কভার, মিড-অনের উপর দিয়ে শট খেলেছেন তিনি। কোনও রকম অস্বস্তিতে দেখায়নি ধোনিকে। বড় শট খেলার বদলে তিনি সাধারণ জিনিস নিখুঁত করার দিকে নজর দিয়েছেন।

ধোনির প্রত্যাবর্তন নিয়ে এখনও চেন্নাইয়ের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফিরলেও কোথায় তাঁকে খেলানো হবে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। প্রথম ম্যাচে রাজস্থানের কাছে আট উইকেটে হেরেছে চেন্নাই।

Advertisement

উল্লেখ্য, চেন্নাই আগেই জানিয়েছিল ধোনি এখন রিহ্যাব করছেন। বলা হয়েছিল সম্পূ্র্ণ ফিট হতে তাঁর দু’সপ্তাহ মতো সময় লাগতে পারে। আগামী ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত তাঁর খেলার সম্ভাবনা নেই। সে ক্ষেত্রে প্রথম চারটি ম্যাচে ধোনিকে পাবে না চেন্নাই। নতুন কোনও সমস্যা না হলে আগামী ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম মাঠে নামতে পারেন সিএসকের প্রাক্তন অধিনায়ক। তাঁর চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না স্টিফেন ফ্লেমিংয়েরা।

ধোনি খেলতে না পারলেও চেন্নাইয়ের বড় সমস্যা হওয়ার কথা নয়। কারণ এ বারই সিএসকে কর্তৃপক্ষ দলে নিয়েছেন সঞ্জু স্যামসনকে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার ধোনির অভাব পূরণ করতে পারেন। ধোনির অনুপস্থিতি রুতুরাজ গায়কোয়াড়ের দলের শক্তি বা ভারসাম্যের উপর প্রভাব না ফেললেও হতাশ হতে পারেন ক্রিকেটপ্রেমীরা। মূলত ধোনির জন্যই সারা দেশে সিএসকের জনপ্রিয়তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement