যুজবেন্দ্র চহাল। —ফাইল চিত্র।
আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ভাল ফর্মে রয়েছেন যুজবেন্দ্র চহাল। উইকেট নিচ্ছেন। ভাল বল করছেন। কিন্তু তার মাঝেই অন্য একটি ঘটনায় বিতর্কে তিনি। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে একটি দামি গাড়িতে বসে ধূমপান করতে দেখা গিয়েছে চহালকে। সিগারেট রাস্তায় ছুড়ে ফেলতেও দেখা গিয়েছে তাঁকে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সমাজমাধ্যমে যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, একটি দামি গাড়িতে চহালের মতো দেখতে এক জন রয়েছেন। তাঁর হাতে রয়েছে একটি সিগারেট। গাড়িতে বসেই ধূমপান করছেন তিনি। তার পর একটা সময় সিগারেট রাস্তায় ছুড়ে ফেলেন তিনি।
এই ভিডিয়ো ভাইরাল হতেই সকলে চহালের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, খ্যাতনামী ব্যক্তি হিসাবে চহালের আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল। এ ভাবে প্রকাশ্যে ধূমপান করে ঠিক করেননি তিনি।
এ বারের আইপিএলের আগে এবি ডিভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে চহাল জানিয়েছিলেন, তিনি মদ্যপান ও ধূমপান ছেড়ে দিয়েছেন। সেই সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে অনেকের দাবি, অসত্য বলেছেন চহাল। সেটা ভিডিয়ো থেকেই বোঝা যাচ্ছে।
কেউ কেউ আরও জোরাল সমালোচনা করেছেন চহালের। এক জন লেখেন, “এই জন্যই ভারতীয় দলে আর চহাল সুযোগ পান না।” আর এক জনের কথায়, “নিজেই নিজেকে ধ্বংস করছেন চহাল। ওঁর প্রতিভা ছিল। কিন্তু এই সব কাজ করে নিজেকেই শেষ করছেন তিনি।” এক জন লেখেন, “একটা পচা মাছ গোটা পুকুর নষ্ট করে দেয়। ভারতীয় বোর্ডের উচিত, চহালের দিকে নজর রাখা। ওঁকে যেন আর জাতীয় দলে না ফেরানো হয়। তা হলে দলের সংস্কৃতি খারাপ হয়ে যাবে।”
যদিও ওই বিষয়ে চহাল বা পঞ্জাব কিংস এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।