লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।
মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার সুবাদে লিয়োনেল মেসির জনপ্রিয়তা বেড়ে চলেছে আমেরিকায়। এ বার তাঁর নামে নিউ জার্সির একটি রাস্তার নামকরণ হতে পারে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতে পারে লিয়োনেল মেসি ওয়ের।
নিউ জার্সির শহরতলি ইউনিয়ন কাউন্টির বার্কলে হাইটসের বাসিন্দারা তাঁদের রাস্তাটির নাম মেসির নামে রাখার দাবি তুলেছেন। গত বারের বিশ্বজয়ী অধিনায়ককে সম্মানিত করতেই তাঁদের এই প্রস্তাব। দাবি তুললেই অবশ্য রাস্তার নাম বদল হবে না। স্থানীয় শেরম্যান অ্যাভিনিউয়ের নাম আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের নামে করার জন্য প্রয়োজন ভোটাভুটি। এলাকার বাসিন্দার সংখ্যা প্রায় ১৩ হাজার। তাঁদের মধ্যে ৪ হাজার মানুষ সরাসরি মেসির নামে রাস্তার পক্ষে। বাকিদের মতামত জানতে ভোটের ব্যবস্থা করা হয়েছে।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্যোগটি মূলত বার্কলে হাইটস ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ টাস্ক ফোর্সের। বিশ্বকাপ নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ, উন্মাদনা তৈরির লক্ষ্যে প্রচার শুরু করে টাস্ক ফোর্স। ভাবনা চিন্তা করে বেছে নেওয়া হয়েছে শেরম্যান অ্যাভিনিউকে। এই রাস্তার এক প্রান্তে রয়েছে প্যাট্রিয়া স্টেশন ক্যাফে। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি স্থানীয় আর্জেন্টিনীয় ফুটবল সমর্থকদের মিলনস্থল এবং আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসাবে পরিচিত। প্রতিষ্ঠা করেছিলেন আর্জেন্তিনার নৃত্য শিল্পী ক্যারোলিনা জ়োকালস্কি। তা ছাড়া বহু প্রবাসী আর্জেন্টিনীয় ওই এলাকায় বসবাস করেন।
অধিকাংশ স্থানীয় বাসিন্দাই চান শেরম্যান অ্যাভিনিউয়ের নাম হোক মেসির নামে। সব ঠিক থাকলে বিশ্বকাপের আগেই আনুষ্ঠানিক ঘোষণা হবে লিয়োনেল মেসি ওয়ের।