copa del rey

লজ্জার হার বার্সেলোনার, কোপা দেল রে সেমিফাইনালে ০-৪ ব্যবধানে পর্যুদস্ত আতলেতিকো মাদ্রিদের কাছে

কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ ব্যবধানে হেরে বিপাকে বার্সেলানা। হান্সি ফ্লিকের দলকে ফাইনালে উঠতে হলে দ্বিতীয় লেগে অন্তত ৫-০ ব্যবধানে জিততে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬
Share:

ম্যাচের পর হতাশ লামিনে ইয়ামালকে সান্ত্বনা দিচ্ছেন মার্কোস লরেন্তে। ছবি: রয়টার্স।

কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে লজ্জার হার বার্সেলোনার। আতলেতিকো মাদ্রিদের কাছে ০-৪ ব্যবধানে হেরে গেল বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আতলেতিকোর। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় তারা। কোচিংজীবনে সবচেয়ে বড় ব্যবধানে হারলেন হ্যান্সি ফ্লিক।

Advertisement

শুরু থেকেই আগ্রাসী ছিলেন আতলেতিকো ফুটবলারেরা। তাদের একের পর আক্রমণে চাপ তৈরি হয় বার্সেলোনার ডিফেন্সে। তাতেই ভুল করে বসেন এরিক গার্সিয়া। তাঁর আত্মঘাতী গোলে ৭ মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। বার্সেলোনা গুছিয়ে ওঠার আগেই ১৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে দেয় আতলেতিকো। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আঁতোয়া গ্রিজম্যান। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও আগ্রাসী ফুটবল থেকে সরে যায়নি আতলেতিকো। বার্সেলোনা ডিফেন্সকে সমানে চাপে রাখে তারা। ৩৩ মিনিটে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আদেমোলা লুকম্যান। এর পর প্রথমার্ধের সংযুক্ত সময়ে আতলেতিকোর পক্ষে চতুর্থ গোল জুলিয়ান অ্যালভারেজ়ের। এই হারের পর প্রতিযোগিতার ফাইনালে যেতে হলে আগামী ৩ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে বার্সেলোনাকে অন্তত ৫-০ ব্যবধানে জিততে হবে।

১৯৫৩ সালের পর প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমার্ধেই ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা। সে বার লা লিগার ম্যাচে বার্সেলোনাকে প্রথমার্ধেই ৪ গোল দিয়েছিল রিয়েল মাদ্রিদ। ১৯৪৯-৫০ মরসুমে আতলেতিকোও একটি ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধে প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement