FIFA World Cup 2026

ভেনেজ়ুয়েলার ভূমিকম্পে পরিবার, পা হারানো ভক্তকে ভিডিয়ো বার্তা রোনাল্ডোর, পাঠিয়েছেন সই করা জার্সি, দিলেন দেখা করার আশ্বাস

ক্রোয়েশিয়ার সঙ্গে রাউন্ড অফ ৩২-র ম্যাচ শেষেও ফুটবলপ্রেমীদের মন জিতে নেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রাক্তন সতীর্থ লুকা মদ্রিচকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। স্মরণ করেন প্রয়াত সতীর্থ দিয়েগো জোতাকেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৭:৫৮
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

বিশ্বকাপে মাঠে নেমে এখনও তেমন নজর কাড়তে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেরা ফর্মে দেখা যাচ্ছে না তাঁকে। তবে নানা ভূমিকায় ফুটবলপ্রেমীদের মন জিতে নিচ্ছেন সিআর সেভেন। এ বার এক ভক্তকে পাঠানো তাঁর ভিডিয়ো বার্তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজ়ুয়েলার এক ভক্তকে ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন রোনাল্ডো। ভেনেজ়ুয়েলার তরুণ আন্দ্রেস মিয়েলস সিআর সেভেনের ভক্ত। ভূমিকম্পে মিয়েলসের পরিবারের সকলে মারা গিয়েছেন। কোনও রকমে বেঁচে গিয়েছেন তিনি। তবে একটি পা হারিয়েছেন। অতি গুরুতর আঘাত থাকায় চিকিৎসকেরা পা কেটে বাদ দিয়েছেন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিয়েলস। ভক্তের পরিস্থিতির কথা জানার পর তাঁকে ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন রোনাল্ডো।

ভিডিয়োয় মিয়েলসের উদ্দেশে পর্তুগালের অধিনায়ক বলেছেন, ‘‘হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছ? তোমাকে ভালবাসা পাঠানোর জন্য এই ভিডিয়োটা করছি। জানি, তুমি আমার খুব বড় ভক্ত। সুস্থ হয়ে ওঠ। তার পর আমার একটা ম্যাচ দেখার জন্য তোমাকে আমন্ত্রণ করব। আমার খেলা তুমি সামনে থেকে উপভোগ করতে পারবে। ঠিক আছে। তোমার সঙ্গে দেখাও করতে চাই। ভালবাসা নিও বন্ধু।’’ পর্তুগালের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি জানার পর রোনাল্ডো নিজের একটি জার্সিতে সই করে পাঠিয়েছেন মিয়েলসকে। জাতীয় দলের জার্সি পাঠিয়েছেন ভক্তকে। ভেনেজ়ুয়েলায় ভূমিকম্পের পর সমাজমাধ্যম থেকেই মিয়েলসের কথা জানতে পারেন সিআর সেভেন।

Advertisement

শুক্রবার ক্রোয়েশিয়ার সঙ্গে রাউন্ড অফ ৩২-র ম্যাচ শেষেও ফুটবলপ্রেমীদের মন জিতে নিয়েছিলেন রোনাল্ডো। পেশাদার ফুটবলে দীর্ঘ দিন একসঙ্গে খেলা ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। জয়ের পর এক বছর আগে প্রয়াত জাতীয় দলের সতীর্থ দিয়েগো জোতাকেও স্মরণ করেন সিআর সেভেন। জোতার ২১ নম্বর জার্সিও পরে ছিলেন। বিশ্বকাপের প্রিকোয়ার্টার ফাইনালে ওঠার পর মিয়েলসকে উৎসাহিত করে বার্তা পাঠিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement