ISL 2026

চোটে হয়তো তিন সপ্তাহ বাইরে রশিদ

শনিবার যুবভারতীতে অনুশীলন চলাকালীন গোড়ালিতে চোট পান প‌্যালেস্টাইনের মিডফিল্ডার। ড্রেসিংরুমে ফেরার সময়ে ভাল করে হাঁটতেও পারছিলেন না রশিদ। তখনই অশনি সংকেতের আভাস ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৭:২৮
Share:

ধাক্কা: গোড়ালির চোটে ছিটকে গেলেন রশিদ। —ফাইল চিত্র।

মহমেডান স্পোর্টিংকে সাত গোলের মালা পরানোর পরে ইস্টবেঙ্গল শিবিরে যে খু‌শির আবহ তৈরি হয়েছিল তা রবিবার বদলে গেল বিষাদে। চোট পেয়ে প্রায় তিন সপ্তাহের জন‌্য ছিটকে গেলেন মহম্মদ রশিদ।

শনিবার যুবভারতীতে অনুশীলন চলাকালীন গোড়ালিতে চোট পান প‌্যালেস্টাইনের মিডফিল্ডার। ড্রেসিংরুমে ফেরার সময়ে ভাল করে হাঁটতেও পারছিলেন না রশিদ। তখনই অশনি সংকেতের আভাস ছিল। রবিবার এমআরআইয়ের রিপোর্ট আসার পরে দেখা যায়, তাঁর চোটের অবস্থা গুরুতর। কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। সময়টা আরও বাড়তে পারে। রশিদ মূলত আক্রমণ আর ডিফেন্সের মধ‌্যে সংযোগ রক্ষা করেন। ফলে তাঁকে প্রথম একাদশে রেখেই চেন্নাই এক্সপ্রেস বেলাইন করার ছক কষছিলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুসো। রশিদ না থাকায় ফের নতুন করে পরিকল্পনা সাজাতে হবে অস্কারকে।

আইএসএল শুরুর আগে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিল্লে। তিনি কয়েকদিন ধরেই মূল দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন সারছেন। শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে তাঁর মাঠে নামা প্রায় নিশ্চিত। তাতে রক্ষণ আরও জমাট হবে। হয়তো জিকসন সিংহ মাঝমাঠে খেলবেন। আইএসএলের পয়েন্ট টেবলে ৬ ম‌্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে ইস্টবেঙ্গল। আনোয়ার আলিদের বাকি রয়েছে আর সাতটি ম‌্যাচ। লিগ জিততে হলে সেই সাতটি ম‌্যাচই কার্যত ফাইনাল। এখন দেখার রশিদের অভাব ইস্টবেঙ্গল পূরণ করেকী ভাবে?

অন‌্য দিকে জামশেদপুর এফসির বিরুদ্ধে ঋত্বিক দাসের গোলে দু’পয়েন্ট নষ্ট করতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে। শেষ তিন ম‌্যাচে সাত পয়েন্ট নষ্টের পাশাপাশি মোহনবাগানের চিন্তা বাড়িয়েছে টম আলড্রেডের চোট। স্টেডিয়াম ছাড়ার সময়ে তাঁর বাঁ-পায়ে ব‌্যান্ডেজ জড়ানো ছিল। দল ফের অনুশীলনে নামার পরে টমের চোটের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ দিকে রবিবার আইএসএলে স্পোর্টিং দিল্লি ২-০ হারিয়েছে কেরল ব্লাস্টার্সকে। অন‌্য ম‌্যাচে মুম্বই সিটি এফসি ১-০ গোলে জিতেছে ওড়িশা এফসির বিরুদ্ধে। ৭ ম‌্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান মজবুত করল মুম্বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন