ইংল্যান্ড দল থেকে বাদ ফোডেন (বাঁ দিকে) এবং পামার। — ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা করলেন কোচ টমাস টুখেল। তবে বাদ দিলেন অনেক বড় নাম। তারুণ্য এবং অভিজ্ঞতা মিশেলে দল গড়েছেন তিনি। তাই নিয়েই আমেরিকায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইংল্যান্ড।
ম্যাঞ্চেস্টার সিটির তরুণ ফরোয়ার্ড ফিল ফোডেন এবং চেলসির কোল পামার বাদ পড়েছেন। রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজ়ান্ডার আর্নল্ডকেও দলে রাখা হয়নি। বাদ পড়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়েরও। অবশ্য দল থেকে বাদ পড়ার কথা এক দিনের আগেই জানতে পেরেছিলেন তিনি। ক্ষোভপ্রকাশ করে সমাজমাধ্যমে লিখেছিলেন, “দেশের হয়ে বিশ্বকাপে ভাল খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম। শুনেছি দলে আমার জায়গা হবে না। এই সিদ্ধান্তে আমি আহত এবং বিধ্বস্ত। এত বছর ধরে গর্বের সঙ্গে ইংল্যান্ডের জার্সি পরেছি।”
ইংল্যান্ডের বিশ্বকাপ দল।
যদিও কোচ টুখেল বলেছেন, “দল নির্বাচন করতে গিয়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে যারা আছে তাদের উপর পুরো বিশ্বাস রয়েছে। ওরা এই দলে থাকার যোগ্য। দেশকে গর্বিত করতে পারে এমন ফুটবলারদেরই দলে রেখেছি আমরা।”
দু’বছর আগে দলকে ইউরো কাপ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফোডেন এবং পামার। ফাইনালে পামারের গোলও ছিল। কিন্তু ক্লাবের হয়ে হতাশাজনক মরসুম কাটিয়েছেন। তবে হ্যারি কেন, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, ডেক্লান রাইসের মতো ফুটবলারেরা সুযোগ পেয়েছেন। ইভান টনিকে নেওয়া হয়েছে, যিনি সৌদি লিগে যোগ দেওয়ার পর মাত্র এক বার দেশের হয়ে খেলেছেন। এ ছাড়া, প্রথম বার বিশ্বকাপ খেলতে চলেছেন এবেরেজি এজ়ে এবং নোনি মাডুয়েকে।