Cristiano Ronaldo

যুদ্ধ পরিস্থিতিতে সৌদি ছাড়লেন রোনাল্ডো, ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে মাদ্রিদে সিআর৭, বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ে চোট

গত শনিবার সৌদি প্রো লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চোট সারতে তিন সপ্তাহ মতো সময় লাগতে পারে। এর মধ্যেই মঙ্গলবার পরিবার নিয়ে মাদ্রিদে চলে গিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৯:২৯
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

আল নাসেরের হয়ে সৌদি প্রো লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী কিছু দিন মাঠে নামতে পারবেন না। পাশাপাশি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জন্য সৌদি আরবে আপাতত বন্ধ রাখা হয়েছে খেলা। তাই মঙ্গলবার পরিবার নিয়ে ব্যক্তিগত বিমানে রিয়াধ ছেড়েছেন রোনাল্ডো। চলে গিয়েছেন নিজের মাদ্রিদের বাড়িতে। সেখানেই চোটের চিকিৎসা করাবেন সিআর সেভেন।

Advertisement

ইরানে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলা এবং ইরানের প্রত্যাঘাত নিয়ে নয়। ফুটবলপ্রেমীদের উদ্বেগ বিশ্বকাপ শুরু হওয়ার সাড়ে তিন মাস আগে রোনাল্ডো চোট পাওয়ায়। পর্তুগালের অধিনায়ক কি খেলতে পারবেন? আল নাসেরের চিকিৎসকেরা আশার কথা শুনিয়েছেন।

রোনাল্ডোর হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর নয়। সম্পূর্ণ সুস্থ হতে দু’তিন সপ্তাহ সময় লাগবে। তার পর অনুশীলন শুরু করতে পারবেন। মনে করা হচ্ছে, চার সপ্তাহ পর তিনি আবার ম্যাচ খেলতে পারবেন। ফলে আগামী বিশ্বকাপে খেলতে তাঁর সমস্যা হবে না। গত শনিবার আল ফায়হার বিরুদ্ধে ম্যাচে চোট পান রোনাল্ডো। উল্লেখ্য, ২০২৬ সালেই সম্ভবত শেষ বার বিশ্বকাপ খেলবেন ৪১ বছরের ফুটবলার।

Advertisement

চোট এবং পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে মঙ্গলবার সপরিবার রিয়াধ ছেড়ে মাদ্রিদে চলে গিয়েছেন রোনাল্ডো। ব্যক্তিগত ৭৫০ কোটি টাকার বিলাসবহুল বিমানে মাদ্রিদ গিয়েছেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি রিয়াধে একাধিক বিস্ফোরণের পরই সৌদি আরব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোনাল্ডো। সৌদি আরব প্রশাসনও বর্তমান পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের নিজেদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। রোনাল্ডো মাদ্রিদে চলে গেলেও আল নাসেরের অন্য বিদেশি ফুটবলারেরা রিয়াধেই রয়েছেন। রোনাল্ডো আবার কবে রিয়াধে ফিরবেন, তা জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement