Lionel Messi in Inter Miami

মায়ামিকে আবার জেতালেন মেসি, ৭২০০০ দর্শককে চুপ করিয়ে দিল লিয়োর গোল

পর পর দু’ম্যাচ জিতল ইন্টার মায়ামি। আবার গোল করলেন লিয়োনেল মেসি। বুঝিয়ে দিলেন, তিনি ফর্মে থাকলে মায়ামিকে আটকানো কঠিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৭:৪২
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

মরসুমের প্রথম ম্যাচ হেরেছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচে খেলেননি লিয়োনেল মেসি। দ্বিতীয় ম্যাচ থেকে দলে ফিরেছেন তিনি। আর ফিরেই নিজের জাদু দেখাচ্ছেন। পর পর দু’ম্যাচ জিতেছে ইন্টার মায়ামি। আবার গোল করেছেন মেসি। বুঝিয়ে দিলেন, তিনি ফর্মে থাকলে মায়ামিকে আটকানো কঠিন।

Advertisement

ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ ছিল মায়ামির। ওয়াশিংটনে নিজেদের ছোট মাঠের বদলে বাল্টিমোর র‌্যাভেনসের ঘরের মাঠে ম্যাচ আয়োজন করেছিল ডিসি। উদ্দেশ্য একটাই। সেই মাঠে ৭২,০২৬ দন দর্শক বসে খেলা দেখতে পারেন। মায়ামি যাতে চাপে থাকে, তার জন্যই এই ব্যবস্থা। কিন্তু তা কাজে লাগল না। বলা ভাল, ডিসির পরিকল্পনায় জয় ঢেলে দিলেন মেসি।

১৭ মিনিটের মাথায় এগিয়ে যায় মায়ামি। গোল করেন আর্জেন্টিনার জাতীয় দলে মেসির সতীর্থ রদ্রিগো ডি’পল। ১০ মিনিট পর দ্বিতীয় গোল করেন মেসি। ৭৫ মিনিটের মাথায় ডিসি এক গোল শোধ করলেও লাভ হয়নি। ২-১ গোলে জিতে মাঠ ছাড়েন মেসিরা।

Advertisement

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে মায়ামি। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৬। শীর্ষে থাকা নিউ ইয়র্ক সিটির থেকে ১ পয়েন্ট কম তাদের। তবে সবে লিগ শুরু হয়েছে। এখনও অনেক দূর যাওয়া বাকি। ফলে লিগের ছবি যে কোনও সময় বদলে যেতে পারে।

দু’দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন মেসি। গত মরসুমে এমএলএস কাপ জেতার সুবাদে ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দেওয়া হয় হোয়াইট হাউসের তরফে। সেখানে ছিলেন মেসিও। অনুষ্ঠানে মেসি কোনও কথা বলেননি। তবে তাঁর সামনে ট্রাম্প প্রায় ২৫ মিনিট ভাষণ দেন। শুরু করেন এই বলে, “আমরা আজ সত্যিকারের প্রতিভাবানদের সম্মানিত করছি। অতীতে আমেরিকার কোনও প্রেসিডেন্ট যে কথা উচ্চারণ করতে পারেনি সে কথাই আমি বলছি, হোয়াইট হাউসে তোমায় স্বাগত লিয়োনেল মেসি।”

ছেলে ব্যারনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আজ আমাকে ছেলে বলছিল, ‘বাবা, হোয়াইট হাউসে কে আসছে জানো’? আমি বলেছিলাম, ‘না তো। আসলে আমি তো অন্য কাজে খুব ব্যস্ত’। তখন ও বলল, ‘মেসি আসছে’।”

এ কথা শুনে মেসি এবং বাকিরা সকলেই হেসে ওঠেন। এর পর ট্রাম্প বলেন, “ও তোমার খুব বড় সমর্থক। ও মনে করে তুমি একজন দারুণ মানুষ। মনে হয় কিছু ক্ষণ আগেই তোমার সঙ্গে ওর দেখা হয়েছে। আসলে ও ফুটবলের সমর্থক। তার চেয়েও বেশি করে তোমার সমর্থক। তা ছাড়া রোনাল্ডো নামের একজন ভদ্রলোকও রয়েছে। ক্রিশ্চিয়ানো দারুণ মানুষ। তুমিও দারুণ মানুষ।” উল্লেখ্য, কিছু দিন আগেই সৌদি আরব সরকারের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে এসে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement