FIFA World Cup 2026

ইরান এখনও ফুটবল বিশ্বকাপ থেকে বাদ যায়নি, জানালেন এশীয় ফুটবলের কর্তা, নতুন করে শুরু জল্পনা

ইরান এখনও ফুটবল বিশ্বকাপে খেলতে পারে। তাদের এই প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা প্রবল। জানালেন এশীয় ফুটবল সংস্থার (এএফসি) কর্তা। অর্থাৎ, ইরান যে বিশ্বকাপে খেলবে না, এ কথা এখনই বলা যাচ্ছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৭:১০
Share:

ইরান ফুটবল দল। — ফাইল চিত্র।

ইরান এখনও ফুটবল বিশ্বকাপ থেকে বাদ পড়েনি। তাদের এই প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা প্রবল। জানালেন এশীয় ফুটবল সংস্থার (এএফসি) কর্তা। অর্থাৎ, ইরান যে বিশ্বকাপে খেলবে না, এ কথা এখনই বলা যাচ্ছে না।

Advertisement

সোমবার এএফসি-র সচিব দাতো উইন্ডসন জন জানিয়েছেন, ইরান বিশ্বকাপে খেলবে না, এমন কথা তাঁরা শোনেননি। তিনি বলেন, “ওরা আমাদের সদস্য দেশ। আমরা চাই ওরা খেলুক। আমরা যতদূর জানি, ইরান খেলছে। এটা খুব আবেগপ্রবণ একটা সময়। অনেকে অনেক কথা বলছে। দিনের শেষে ইরান ফেডারেশনই ঠিক করবে ওরা খেলবে কি না। এখনও পর্যন্ত ইরান জানিয়েছে যে, ওরা বিশ্বকাপে যাচ্ছে।”

প্রসঙ্গত, কিছু দিন আগেই ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি একটি সাক্ষাৎকারে বলেন, “এই দুর্নীতিগ্রস্ত শাসক আমাদের নেতাকে হত্যা করেছে। সেটা মাথায় রেখে কোনও পরিস্থিতিতেই আমরা বিশ্বকাপে খেলতে যাব না। আমাদের শিশুরা নিরাপদ নয়। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে বিশ্বকাপ খেলার কথা মাথায় রাখাই উচিত নয়।”

Advertisement

তিনি আরও বলেন, “ওরা ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব দেখিয়েছে। গত আট-ন’মাসে দু’বার আমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাই ওই দেশে আমাদের উপস্থিত থাকার কোনও দরকার নেই।” ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আল খামেনেইয়ের হত্যাকে তুলে ধরেছেন আহমদ।

এর পর ইরানের ফুটবলারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট সমাজমাধ্যমে লেখেন, ‘‘বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত।’’

ট্রাম্পের এই মন্তব্যের জবাব দেয় ইরানও। ফুটবল দলের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল তার শক্তি এবং সাহসী ফুটবলারদের জন্য ধারাবাহিক ভাবে সাফল্য অর্জন করেছে। সে কারণে প্রতিযোগিতার যোগ্যতা অর্জনকারী দলগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে। কেউ ইচ্ছা হলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত, যারা শুধু আয়োজক। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে পারে না।’’ উল্লেখ্য, এশিয়ার অন্যতম সেরা দল হিসাবে গত বছর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচগুলি তাদের খেলার কথা লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement