Mohun Bagan

মুম্বইয়ের কাছে হার ভুলে গিয়েছে মোহনবাগান, শনিবার জামশেদপুরকে হারিয়ে শীর্ষস্থানে ওঠাই লক্ষ্য লোবেরার দলের

আইএসএলের শুরু থেকে টানা জিততে থাকা মোহনবাগান আচমকাই থমকে গিয়েছে শেষ দু’টি ম্যাচে। আগের ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে শীর্ষস্থানও হারিয়েছে। সব ভুলে শনিবার জামশেদপুরকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পাওয়াই লক্ষ্য তাদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২২:৩০
Share:

মোহনবাগানের অনুশীলনে মনবীর এবং বাকি ফুটবলারেরা। ছবি: সংগৃহীত।

প্রথমে বেঙ্গালুরুর সঙ্গে ড্র। তার পরেই মুম্বইয়ের কাছে হার। আইএসএলের শুরু থেকে টানা জিততে থাকা মোহনবাগান আচমকাই থমকে গিয়েছে শেষ দু’টি ম্যাচে। আগের ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে শীর্ষস্থানও হারাতে হয়েছে। সেই ম্যাচ আর মনে রাখতে চায় না মোহনবাগান। বরং শনিবার জামশেদপুরকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পাওয়াই লক্ষ্য তাদের।

Advertisement

অতীতে জামশেদপুরের মাঠে গিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি মোহনবাগান। হারতেও হয়েছে তাদের। এ বারও জামশেদপুর খারাপ খেলছে না। মোহনবাগানের সঙ্গে তাদের পয়েন্টও সমান (১৩)। জিতলে তারাই শীর্ষে উঠে যাবে। সেটা মেনেও নিয়েছেন মোহনবাগানের কোচ সের্জিয়ো লোবেরা। বলেছেন, “কঠিন দলের বিরুদ্ধে খেলতে হবে। এর আগে সুযোগ নষ্ট করেছি। এখন আর ভুল করলে কোনও মতেই চলবে না। গত দুটো ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্ট হয়েছে।”

এই পরিস্থিতি যে চাপের তা মানতে চাননি লোবেরা। তাঁর মতে, এর থেকেও চাপে রয়েছেন অনেকে। লোবেরার কথায়, “গোটা বিশ্ব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। পরিবারের জন্য অর্থ রোজগার করতে না পারলে বা পরিবারের কেউ হাসপাতালে ভর্তি থাকলে সেটা চাপের হতে পারে। আমার কাছে অতটাও চাপ নেই। যা পেয়েছি সেটাকে সকলের আশীর্বাদ বলেই মনে করছি।”

Advertisement

তিনি যে এই ম্যাচের জন্য মুখিয়ে সেটা বুঝিয়ে লোবেরা বলেছেন, “এটা অন্য ম্যাচ। আগের ম্যাচে হতাশ হয়েছিলাম। আমাদের আরও উন্নতি করতে হবে। রোজই উন্নতি করতে হবে। এই ম্যাচে যারা জিতবে তারাই শীর্ষে যাবে। আমি ভাগ্যবান যে হাতে একটা ভাল দল রয়েছে।”

লোবেরার সঙ্গে ছিলেন লিস্টন কোলাসো। তিনি একেবারেই খুশি নন নিজের খেলায়। বলেছেন, “আশা করছি ভাল ফল হবে ম্যাচে। নিজের পারফরম্যান্সে এখনও পর্যন্ত খুশি নই। তবে আমি স্বার্থপর, কাউকে পাস দিই না বলে যে রটনা রটছে তা একেবারেই ঠিক নয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement