UEFA Champions League

পর পর পাঁচ বছর! আবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে ম্যাঞ্চেস্টার সিটির সামনে রিয়াল মাদ্রিদ, শেষ ষোলোয় কোন দল কাদের বিরুদ্ধে খেলবে?

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে আরও এক বার মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। এই নিয়ে পর পর পাঁচ বছর নকআউটে এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮
Share:

আবার দেখা যাবে এমবাপে-হালান্ড দ্বৈরথ। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে আরও এক বার মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। এই নিয়ে পর পর পাঁচ বছর নকআউটে এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলবে। শুক্রবার প্রি-কোয়ার্টার ফাইনালের সূচি হয়েছে। সেখানেই এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে। গত বারের চ্যাম্পিয়ন প্যারিস সঁ জরমঁ খেলবে চেলসির বিপক্ষে।

Advertisement

১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্পেনের রিয়াল ঘরের মাঠে প্রথম পর্বের ম্যাচ খেলবে সিটির বিরুদ্ধে। দ্বিতীয় পর্বের খেলা হবে ম্যাঞ্চেস্টারের এতিহাদ স্টেডিয়ামে। দুই ক্লাব এ বার ইতিমধ্যেই লিগ পর্বে খেলেছে। গত ডিসেম্বরের সেই ম্যাচে সিটি ২-১ গোলে হারিয়েছিল রিয়ালকে। সিটি আটে এবং রিয়াল নয়ে শেষ করে লিগ পর্বে। ফলে সিটি সরাসরি শেষ ১৬-য় পৌঁছলেও রিয়ালকে অতিরিক্ত দু’টি ম্যাচ খেলতে হয়েছে।

২০১২-র পর থেকে আটটি মরসুম এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলছে। গত বছর প্লে-অফে রিয়াল হারিয়েছিল সিটিকে। তার আগের বছর হারিয়েছিল কোয়ার্টার ফাইনালে। সে বার ট্রফিও জিতেছিল রিয়াল। ২০২২-এর সেমিফাইনালেও রিয়াল হারিয়েছিল সিটিকে।

Advertisement

পিএসজি প্রথম পর্বে ঘরের মাঠে খেলবে চেলসির বিরুদ্ধে। চেলসিও সরাসরি শেষ ১৬-য় গিয়েছে। ২০১৪-২০১৬, টানা তিন বছর এই দুই ক্লাব একে অপরের বিরুদ্ধে নকআউট পর্বে খেলেছে। চেলসি তার মধ্যে এক বার জিতেছে। পিএসজি বাকি দু’বার জিতেছে। শেষ বার দুই দল মুখোমুখি হয়েছিল গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালে। চেলসি ৩-০ হারিয়েছিল পিএসজিকে।

এ বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-য় উঠেছে ইংল্যান্ডের ছ’টি ক্লাব। কেউই একে অপরের মুখোমুখি হয়নি। লিভারপুল খেলবে গালাতাসারের বিরুদ্ধে। নিউক্যাসল ইউনাইটেডের সামনে বার্সেলোনা। টটেনহ্যাম হটস্পার খেলবে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে। আর্সেনাল লিগ পর্বে সবার আগের শেষ করেছিল। তাদের সামনে বায়ার লেভারকুসেন রয়েছে। অঘটন ঘটানো বোডো/গ্লিমট খেলবে স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখের সামনে আটালান্টা।

প্রথম পর্বের খেলা হবে ১০ এবং ১১ মার্চ। দ্বিতীয় পর্ব এক সপ্তাহ পরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement