Cristiano Ronaldo

শেষ পর্যন্ত রোনাল্ডো নাকি সই করছেন সৌদি আরবের ক্লাবেই! দাবি স্পেনের সংবাদপত্রের

বিশ্বকাপ শেষ হওয়ার আগেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসেরের? এমনটাই দাবি করেছে স্পেনের সংবাদপত্র ‘মার্কা’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ ১৯:১৪
Share:

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে রোনাল্ডোর। এ বার কি সৌদি আরবের ক্লাবে যেতে চলেছেন সিআর৭! —ফাইল চিত্র

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল নাসেরেই সই করছেন। এমনই দাবি করেছে স্পেনের সংবাদপত্র ‘মার্কা’। তারা জানিয়েছে, আগামী ১ জানুয়ারি সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি হয়ে যাবে রোনাল্ডোর।

Advertisement

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরেই তাঁকে দলে পেতে বিশাল টাকার প্রস্তাব দেয় সৌদি আরবের ক্লাব। রোনাল্ডোকে তিন বছরের চুক্তির প্রস্তাব দেয় তারা। প্রতি বছর পাবেন ১৬৮৫ কোটি টাকা। তবে রোনাল্ডো সেখানে যোগ দেবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। মার্কা দাবি করেছে, রোনাল্ডোর এজেন্টের সঙ্গে সব কথা হয়ে গিয়েছে আল নাসেরের। এখন খালি সই হওয়ার অপেক্ষা। যদিও রোনাল্ডো বা তাঁর এজেন্ট এই বিষয়ে কিছু জানাননি।

যদিও এর মধ্যেই পর্তুগিজ অধিনায়কের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সৌদি আরবের ক্লাবের প্রস্তাব নিয়ে ভাবছেন না রোনাল্ডো। পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারের পরেই রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই মর্গ্যান ইংল্যান্ডের একটি সংবাদ পত্রকে বলেছেন, ‘‘রোনাল্ডো মনে করে বিশ্বকাপে ভাল খেলতে পারলে পছন্দ মতো ক্লাব পেতে সমস্যা হবে না। এমন কোনও ক্লাব যারা চ্যাম্পিয়ন্স লিগ খেলে। তা হলে রোনাল্ডো সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলার সুযোগ পাবে।’’

Advertisement

সৌদি আরবের ক্লাবের বিশাল আর্থিক প্রস্তাবও ভাবাচ্ছে না রোনাল্ডোকে? মর্গ্যান বলেছেন, ‘‘ওর ফুটবল জীবনের এই পর্যায়ে অর্থের গুরুত্ব অনেক কম। সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলে যাওয়াটাই লক্ষ্য ওর। রোনাল্ডো চায় আরও রেকর্ড করতে। আরও ট্রফি জিততে চায়। ও যত দেশে ট্রফি জিতেছে, তা কেউ কখনও পারেনি।’’

উল্লেখ্য, গত বছরও রোনাল্ডোকে প্রস্তাব দিয়েছিল আল-নাসের। তিনি প্রত্যাখ্যান করেন। এ বার কোনও ক্লাব না পেয়ে তিনি ঝুঁকেছেন সেই সৌদির ক্লাবের দিকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement