বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার দায়ে সম্ভবত আবার জেলে ফিরতে হচ্ছে অস্কার পিস্টোরিয়াসকে।
তবে এ বার নতুন করে বিচারের পর অনিচ্ছাকৃত হত্যার বদলে সরাসরি খুনের অপরাধী সাব্যস্ত হয়ে। দক্ষিণ আফ্রিকার আইনে যার শাস্তি কম করে পনেরো বছরের জেল। বুধবার পিস্টোরিয়াস মামলায় রায় দেবে আদালত। আইন বিশেষজ্ঞদের ধারণা, তারকা প্যারালিম্পিয়ান সর্বোচ্চ শাস্তিই পাবেন।
অবশ্য এ-ও শোনা যাচ্ছে, পিস্টোরিয়াসের প্রতিবন্ধকতা এবং মানসিক অবস্থা বিচার করে এবং এর আগেই যে তিনি বছর খানেক জেল খেটেছেন সেটা মাথায় রেখে খুনের শাস্তি পনেরো বছর থেকে কিছুটা কমাতে পারেন বিচারপতি।
২০১৩-য় ভ্যালেন্টাইন্স দিবসের রাতে বান্ধবী রিভাকে গুলি করে খুন করার অভিযোগ বিশ্বের সবর্কালের অন্যতম সেরা প্যারা অ্যাথলিট পিস্টোরিয়াসের বিরুদ্ধে। যাঁর দাবি, শোয়ার ঘরের বাথরুমে চোর ঢুকেছে ভেবে তিনি বন্ধ দরজার বাইরে থেকেই গুলি চালিয়েছিলেন। ভিতরে রিভা ছিলেন সেটা জানতেন না। গুলিটা নাকি তিনি রিভাকে রক্ষা করতেই চালান।
সেই ঘটনার পর প্রাথমিক বিচারে পিস্টোরিয়াসকে অনিচ্ছাকৃত হত্যার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারপতি থকোজিলে মাপিসা। কিন্তু প্রিটোরিয়ার জেলে শাস্তির এক বছর কাটানোর পরেই মুক্তি পেয়ে যান পিস্টোরিয়াস যার পর থেকে আদালতের নির্দিষ্ট কিছু বিধিনিষেধ মেনে বাড়িতে ছিলেন।