লড়াকু: ইন্দোনেশিয়া ওপেনে জয় দিয়ে শুরু সিন্ধুর। —ফাইল চিত্র।
ইন্দোনেশিয়া ওপেনে জয় দিয়ে যাত্রা শুরু করলেন পি ভি সিন্ধু। পরের পর্বে তাঁর সামনে হয়তো বিশ্বের এক নম্বর আন সে ইয়ং। যদি তিনি বুধবার তাঁর প্রথম ম্যাচ জেতেন।
মঙ্গলবার স্ট্রেট গেমে তাইল্যান্ডের বুসানান ওংবামরুংফান-কে হারিয়ে শেষ ১৬-য় পৌঁছন সিন্ধু। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জেতেন ২৫-২৩, ২১-১৬ ফলে। পাশাপাশি সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে উঠে এসেছেন সিন্ধু এক ধাপ এগিয়ে। গত ৩১ মাসে এই প্রথম সিন্ধু প্রথম দশে ফিরলেন। শেষ বার সিন্ধু প্রথম দশে ছিলেন২০২৩-এর অক্টোবরে।
এ দিন, ৫১ মিনিট লড়াই করে এই ম্যাচ জিততে হয়েছে ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে। প্রথম গেমে বেশ বড় ব্যবধানে এগিয়ে গিয়ে সহজ জয়ের পথেই ছিলেন সিন্ধু। কিন্তু খেলা শুরু করতে দেরি করায় পেনাল্টি হয় সিন্ধুর। আর তাতেই ম্যাচে ফেরার সুযোগ পেয়ে যান তাইল্যান্ডের তারকা। এই সুযোগকে কাজে লাগিয়ে তাইল্যান্ডের তারকা ব্যবধান কমিয়ে আনেন। ফলে গেমটি তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়।
তবে ঠিক সময়ে নিজের অভিজ্ঞতার পরিচয় দেন সিন্ধু। বুসানান যখনই ম্যাচের রাশ নিজের হাতে নেওয়ার চেষ্টা করছিলেন, তখনই ভারতীয় তারকা আক্রমণাত্মক খেলা শুরু করেন। শেষ পর্যন্ত প্রথম গেমটি জেতেন সিন্ধু। দ্বিতীয় গেমেও ছন্দ ধরে রেখে স্ট্রেট গেমে ম্যাচ জিতে নেন তিনি। এর ফলে বিশ্বের এক নম্বর আন সে-ইয়ংয়ের বিরুদ্ধে আরও এক বার শেষ ষোলোর ম্যাচে সিন্ধুর নামার সম্ভাবনা তৈরি হল। যার বিরুদ্ধে সিন্ধু এখনও পর্যন্ত ৯ বার মুখোমুখি হলেও জয় আসেনি। গত সপ্তাহে সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধুকে হারিয়েছিলেন তিনি। তবে সিন্ধুর মুখোমুখি হওয়ার আগে আনকে তাঁর প্রথম রাউন্ডের ম্যাচে তুরস্কের নেসলিহান আরিনের বাধাটপকাতে হবে।
তবে সিন্ধু জিতলেও ছিটকে গিয়েছেন লক্ষ্য সেন ও কিদম্বি শ্রীকান্ত।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে