নির্মলা সীতারামন। — ফাইল চিত্র।
ক্রীড়াখাতে বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার। রবিবার যে বাজেট পেশ করা হল, তাতে দেখা যাচ্ছে ক্রীড়াখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে হাজার কোটি টাকার উপরে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটে দেখা গিয়েছে এ বারের ক্রীড়াখাতে বরাদ্দ করা হয়েছে ৪৪৭৯.৮৮ কোটি টাকা। যা গত বারের তুলনায় ১১৩৩.৩৪ কোটি টাকা বেশি। এই প্রথম ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারকদের ক্ষেত্রে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে ক্রীড়ামন্ত্রক। বরাদ্দ বেড়েছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-রও। গত বারের ৮৮০ কোটি টাকা থেকে এবার অঙ্কটা হয়ে দাঁড়িয়েছে ৯১৭.৩৮ টাকা।
এ বারই চালু করা হচ্ছে ‘খেলো ইন্ডিয়া মিশন’। কোচেদের উন্নয়নের পাশাপাশি উন্নতি করা হবে প্রশিক্ষণ কেন্দ্রগুলিরও। এর মাধ্যমে পরিকাঠামোর উন্নতির সঙ্গে সঙ্গে প্রতিভা তুলে আনার উপরেও জোর দেওয়া হবে। একইসঙ্গে ভারতীয় অ্যাথলিটদের জন্যও বরাদ্দ থাকছে বড় অঙ্কের টাকা। যে সব ক্রীড়াবিদ কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছেন, তাঁদের জন্য প্রায় ৭৮ শতাংশ বৃদ্ধি হয়েছে বাজেট খাতে। ২৮.০৫ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটিতে। জুলাই-অগস্টে গ্লাসগোয় কমনওয়েলথ গেমস। মনে করা হচ্ছে, এতে যথেষ্ট সাহায্য হবে ক্রীড়াবিদদের।
তবে বরাদ্দ কমেছে ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি আর ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা)। ডোপ টেস্টিং ল্যাবরেটরির বরাদ্দ ২৮.৫৫ কোটি থেকে কমে হয়েছে ২৩ কোটি। আর নাডার ক্ষেত্রে সংখ্যাটা ২৪.৩০ থেকে কমে হয়েছে ২০.৩০ কোটি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে