অবনমনের আতঙ্কে ঘুম ছুটেছে ছয় কোচের

খেতাব জেতার লড়াইয়ে বেঙ্গালুরু এফ সি এগিয়ে অনেকটা। কিন্তু অবনমন হবে কোন দলের? টুর্নামেন্টের শেষ পর্বের ম্যাচ খেলতে নামার আগে দেশের অন্তত ছয় জন কোচ চূড়ান্ত টেনশনে। অঙ্ক কষতে কষতে তাঁদের রাতের ঘুমও উধাও। প্রতিদিন সাপ-লুডোর মতো নীচের ছয় দলের ওঠানামা হচ্ছে। যে রাংদাজিদকে তিন ম্যাচ আগেই মনে হচ্ছিল নিশ্চিত অবনমনের মুখে, তারা এখন প্রায় ধরা ছোঁয়ার বাইরে।

Advertisement

তানিয়া রায়

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৪ ০২:২৯
Share:

খেতাব জেতার লড়াইয়ে বেঙ্গালুরু এফ সি এগিয়ে অনেকটা। কিন্তু অবনমন হবে কোন দলের? টুর্নামেন্টের শেষ পর্বের ম্যাচ খেলতে নামার আগে দেশের অন্তত ছয় জন কোচ চূড়ান্ত টেনশনে। অঙ্ক কষতে কষতে তাঁদের রাতের ঘুমও উধাও। প্রতিদিন সাপ-লুডোর মতো নীচের ছয় দলের ওঠানামা হচ্ছে। যে রাংদাজিদকে তিন ম্যাচ আগেই মনে হচ্ছিল নিশ্চিত অবনমনের মুখে, তারা এখন প্রায় ধরা ছোঁয়ার বাইরে। সুভাষ-সুব্রত-খালিদরা মনে করছেন আর ধরা যাবে না র‌্যান্টিদের। পয়েন্ট এবং বাকি ম্যাচের প্রতিপক্ষের শক্তি দেখে যা আঁচ পাওয়া যাচ্ছে তাতে সবচেয়ে সমস্যায় মোহনবাগান, মুম্বই এফসি ও ইউনাইটেড। শেষ লাইফলাইন নেওয়ার আগে কোচেদের অঙ্কের খোঁজে আনন্দবাজার।

Advertisement

চার্চিল ব্রাদার্স

Advertisement

লিগ তালিকায় ১৩ (১৭ ম্যাচে ১৫ পয়েন্ট)। ম্যাচ বাকি ৭- ঘরে ৬ (পুণে, ডেম্পো, স্পোর্টিং, ইস্টবেঙ্গল, ইউনাইটেড, সালগাওকর), বাইরে ১ (মুম্বই এফসি)।

কোচের বাঁচার অঙ্ক: সুভাষ ভৌমিক গোয়া থেকে বলছেন, “কোনটা অ্যাওয়ে, কোনটা হোম, ভেবে লাভ নেই। বাকি সাত ম্যাচের মধ্যে অন্তত তিনটি জিততেই হবে। কত পয়েন্ট হলে অবনমন বাঁচবে, নির্দিষ্ট করে বলা অসম্ভব। রাংদাজিদ অবশ্য পরপর জিতে অনেকটাই মজবুত জায়গায়। ওদের লড়াইতে রাখছি না।

মহমেডান

লিগ তালিকায় ১২ (১৭ ম্যাচে ১৫ পয়েন্ট)। ম্যাচ বাকি ৬- ঘরে ৪ (ইউনাইটেড স্পোর্টস, ইস্টবেঙ্গল, রাংদাজিদ, শিলং লাজং), বাইরে ২ (ডেম্পো, মুম্বই এফসি)।

কোচের বাঁচার অঙ্ক: সঞ্জয় সেন বলছেন, “হাতে এখনও ছ’টি ম্যাচ। এটা সুবিধে। পরের ডেম্পো ম্যাচে জিতলে ভাল জায়গায় চলে আসব। অবনমনের আওতায় থাকা ইউনাইটেড, রাংদাজিদের সঙ্গেও ম্যাচগুলো কিন্তু বড় ফ্যাক্টর হবে। অবনমন বাঁচাতে দরকার ২৬ পয়েন্ট।”

ইউনাইটেড স্পোর্টস

লিগ তালিকায় ১১ (১৯ ম্যাচে ২০ পয়েন্ট)। ম্যাচ বাকি ৫- ঘরে ৩ (মহমেডান, মোহনবাগান, ইস্টবেঙ্গল), বাইরে ২ (সালগাওকর, চার্চিল)।

কোচের বাঁচার অঙ্ক: সুব্রত ভট্টাচার্য বলে দিচ্ছেন, “আমি মোহনবাগানের অবনমন বাঁচিয়েছি। তখন পাঁচ ম্যাচ বাকি ছিল। অঙ্কটা জানি। পরের পাঁচটি ম্যাচ কোনও ভাবেই হারা চলবে না। অন্তত দু’টো ম্যাচে জিততেই হবে। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। ২৪-২৫ পয়েন্ট হলে মনে হয় অবনমন বেঁচে যাবে।”

মুম্বই এফসি

লিগ তালিকায় ১০ (১৯ ম্যাচে ২০ পয়েন্ট)। ম্যাচ বাকি ৫- ঘরের মাঠে ২ (চার্চিল, মহমেডান), বাইরে ৩ (ইস্টবেঙ্গল, শিলং লাজং, ডেম্পো)।

কোচের বাঁচার অঙ্ক: মুম্বই থেকে ফোনে খালিদ জামিল বলে দিলেন, “আমাদের হোম-অ্যাওয়ে দু’টি ম্যাচই গুরুত্বপূর্ণ। নিজেদের পয়েন্ট পাওয়ার সঙ্গে অন্যদের পয়েন্ট হারানোর দিকেও নজর রাখতে হবে। কত পয়েন্ট পেলে অবনমন বাঁচবে সেটা ভেবে দেখিনি। ও সব না ভেবে ম্যাচ বাই ম্যাচ পয়েন্টের কথা ভাবছি।”

মোহনবাগান

লিগ তালিকায় ৯ (২০ ম্যাচে ২১ পয়েন্ট)। ম্যাচ বাকি ৪--- ঘরে ৩ (বেঙ্গালুরু এফসি, ইউনাইটেড স্পোর্টস, শিলং লাজং), বাইরে ১ (স্পোর্টিং ক্লুব)।

কোচের মতে বাঁচার অঙ্ক: করিম বেঞ্চারিফা বলছেন, “এই মুহূর্তে সত্যিই খুব খারাপ জায়গায় আছি। আমি আলাদা করে কোনও ম্যাচ নিয়ে ভাবতে রাজি নই। সব ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। আমাদের জিততেই হবে। না হলেই বিপদ।”

রাংদাজিদ

লিগ তালিকায় ৮ (১৯ ম্যাচে ২১ পয়েন্ট)। ম্যাচ বাকি ৫- ঘরে ২ (স্পোর্টিং ক্লুব, শিলং লাজং), বাইরে ৩ (ইস্টবেঙ্গল, সালগাওকর, মহমেডান)।

কোচের বাঁচার অঙ্ক: শাংপ্লিয়াং শিলং থেকে ফোনে বললেন, “পরের ম্যাচগুলো ড্র করলেই অবনমনের আশঙ্কা থাকবে না। সত্যি বলতে, অবনমনের ভয় অনেকটা কেটে গেছে। তবে আমার টিম এখন ভাল ফর্মে। টানা তিন ম্যাচ জিতেছে। এখন আমাদের লক্ষ্য পরের পাঁচ ম্যাচে জিতে লিগ তালিকায় আরও ভাল জায়গায় উঠে আসা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement