গ্রুপের শীর্ষে থেকে ইস্টবেঙ্গল শেষ চারে

বাংলাদেশেও কি কলকাতার মিনি ডার্বি হবে? ইস্টবেঙ্গল ইতিমধ্যেই তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শেখ জামাল আন্তর্জাতিক গোল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। বাংলাদেশের চট্টগ্রামের এই আট দলের টুনার্মেন্টে তারা লিগ শীর্ষেও। কিন্তু কলকাতার মহমেডানের শেষ চারে যাওয়ার ব্যপারে এখনও অনিশ্চয়তা রয়েছে। দু’ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র এক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৫ ০৩:১৪
Share:

বাংলাদেশেও কি কলকাতার মিনি ডার্বি হবে?
ইস্টবেঙ্গল ইতিমধ্যেই তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শেখ জামাল আন্তর্জাতিক গোল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। বাংলাদেশের চট্টগ্রামের এই আট দলের টুনার্মেন্টে তারা লিগ শীর্ষেও। কিন্তু কলকাতার মহমেডানের শেষ চারে যাওয়ার ব্যপারে এখনও অনিশ্চয়তা রয়েছে। দু’ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র এক। আজ রবিবার সাদা-কালো ব্রিগেড যদি ঢাকা মহমেডানকে হারাতে পারে তবে সেমিফাইনালে পৌঁছে যাবে তারা। সে ক্ষেত্রে ২৮ অক্টোবর বাংলাদেশে ময়দানের পরিচিত মিনি ডার্বি অনুষ্ঠিত হবে। এখন সবটাই নির্ভর করছে সুব্রত ভট্টাচার্যের (পটলা) টিমের উপর।
শনিবার ঢাকা আবাহনীর বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল। তবে আগের দু’টি ম্যাচের মতো এ দিন আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায়নি বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেদের। উল্টে প্রথমার্ধে আবাহনীর দাপটে কিছুটা যেন কোণঠাসাই হয়ে পড়েছিল লাল-হলুদ ব্রিগেড। গোলকিপার দিব্যেন্দু সরকার বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। নয়তো বিরতির আগেই দু’-একটি গোল হজম করে ফেলতে পারতেন বেলো রজ্জাকরা।
বাংলাদেশে ফোন করে জানা গেল, পরপর দু’ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল বলে আবাহনীর বিরুদ্ধে ম্যাচটি হাল্কা ভাবে নিয়েছিলেন র‌্যান্টি মার্টিন্সরা। গ্রুপের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-১ হারিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে দু’টি গোল করেছিলেন মহম্মদ রফিক এবং প্রহ্লাদ রায়। আবাহনীর গোলটি বেলোর আত্মঘাতী। পরের ম্যাচে আবার পাকিস্তানের দল করাচি ইলেকট্রিককে ৩-১ হারায় বিশ্বজিতের টিম। সে ম্যাচে ওরোক, রফিক এবং র‌্যান্টি গোল করেন।

Advertisement

এ দিকে প্রথম ম্যাচে বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়ে তিরিশ মিনিটেই বসে গিয়েছিলেন ডু ডং। চিকিৎসার জন্য তিনি কলকাতায় ফিরে আসেন। তবে সেমিফাইনালের আগেই তাঁর বাংলাদেশে ফিরে যাওয়ার কথা। লাল-হলুদের ডাক্তার এবং সহসচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বললেন, ‘‘ডংয়ের চোট বড় কিছু নয়। চিন্তারও কোনও কারণ নেই। ওষুধ দেওয়া হয়েছে। ব্যথা না থাকলে ও সেমিফাইনালে খেলতেই পারে। সবটাই ওর উপর নির্ভর করছে।’’ পরিস্থিতি যা, তাতে কলকাতা লিগ জয়ের পর বাংলাদেশে একটি আন্তর্জাতিক টুনার্মেন্টে ট্রফি জয়ের হাতছানির সামনে ইস্টবেঙ্গল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement