বাংলার ক্যাপ্টেন নিয়ে অনিশ্চয়তা

মনোজ নিয়ে ধোঁয়াশা না কাটায় ঋদ্ধিকে রাজি করানোর ভাবনা

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মনোজ তিওয়ারি খেলতে না পারলে বাংলার ক্যাপ্টেন হবেন কে? অশোক দিন্দা, না ঋদ্ধিমান সাহা? এই নিয়ে প্রবল ধোঁয়াশায় সিএবি। মুম্বইয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল শুরু হতে আর দু’সপ্তাহও নেই। তার আগে এই প্রশ্নের কোনও নির্দিষ্ট উত্তর নেই নির্বাচকদের বা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। ঠিক ছিল কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে বাংলার ক্রিকেটারদের ভিভিএস লক্ষ্মণ, মুথাইয়া মুরলীধরনের তত্ত্বাবধানে প্র্যাকটিস করানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ০৩:৩৪
Share:

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মনোজ তিওয়ারি খেলতে না পারলে বাংলার ক্যাপ্টেন হবেন কে? অশোক দিন্দা, না ঋদ্ধিমান সাহা? এই নিয়ে প্রবল ধোঁয়াশায় সিএবি।

Advertisement

মুম্বইয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল শুরু হতে আর দু’সপ্তাহও নেই। তার আগে এই প্রশ্নের কোনও নির্দিষ্ট উত্তর নেই নির্বাচকদের বা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। ঠিক ছিল কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে বাংলার ক্রিকেটারদের ভিভিএস লক্ষ্মণ, মুথাইয়া মুরলীধরনের তত্ত্বাবধানে প্র্যাকটিস করানো হবে। সেই পরিকল্পনাও ব্যর্থ হয়েছে। সিএবি লিগ চলছে বলে মুম্বই উড়ে যাওয়ার আগে বাংলা দল পুরো এক সপ্তাহও প্রস্তুতি নিতে পারছে না। জাতীয় ওয়ান ডে এবং টি-টোয়েন্টি-তে ভরাডুবির পর রঞ্জি কোয়ার্টার ফাইনালের আগে বাংলার অবস্থা এ রকমই।

ক্যাপ্টেন মনোজ তিওয়ারির চোট নিয়ে ধোঁয়াশা একটুও কাটেনি। তিনি রঞ্জি কোয়ার্টার ফাইনালে খেলতে না পারলে শেষ পর্যন্ত কাকে দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে, তার কোনও নিশ্চয়তা নেই। বৃহস্পতিবার সৌরভ বলেন, ‘‘মনোজের চোট ঠিক কেমন আছে, জানি না। হি ইজ স্ট্রাগলিং। কয়েক দিনের মধ্যেই আশা করি জানা যাবে।’’

Advertisement

বেঙ্গালুরুতে ফিজিও অ্যান্ড্রু লিপাসের তত্ত্বাবধানে থাকা মনোজের ব্যাপারে সুস্পষ্ট ধারণা ছাড়াই হয়তো রবিবার দল বাছাইয়ে বসতে হবে নির্বাচকদের। তার পর মঙ্গলবার থেকে শুরু হবে প্র্যাকটিস। নির্বাচকদের প্রধান দেবাঙ্গ গাঁধী বলেন, ‘‘শুনেছি মনোজ আগের থেকে ভাল আছে। কয়েক দিনের মধ্যেই ওর আর একটা এমআরআই হবে। তার পর হয়তো একটা ধারণা করা যাবে। কিন্তু কোয়ার্টার ফাইনালে নামতে পারবে কি না, তা এই সপ্তাহের মধ্যে বোঝা যাবে বলে মনে হয় না।’’

মনোজ তিওয়ারির চোটের অবস্থা যাই হোক না কেন, সম্ভবত তাঁকে রেখেই রবিবার দল বাছাই হয়ে যাবে। দেবাঙ্গের কথায় তেমনই ইঙ্গিত। তিনি বলেন, ‘‘মনোজকে রেখেই সম্ভবত দল বাছতে হবে। কারণ, ও খেলতে পারবে কি না, তা এখনই স্পষ্ট জানা যাবে বলে মনে হয় না। তা না জানা পর্যন্ত ওকে রেখেই দল বাছতে হবে।’’ তিনি কেমন আছেন এই ব্যাপারে মনোজ নিজে কিছু বলতে রাজি নন। তাঁর সঙ্গে এ দিন একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। শোনা গেল, ঘনিষ্ঠ মহলে নাকি জানিয়েছেন, মিডিয়ার সঙ্গে আর কথা বলতে চান না তিনি।

কিন্তু শেষ পর্যন্ত মনোজ খেলতে না পারলে ক্যাপ্টেন কে হবেন, তা এখনও অস্পষ্ট। জাতীয় টি-টোয়েন্টি মুস্তাক আলি ট্রফিতে মনোজের পরিবর্তে অশোক দিন্দা অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন। কিন্তু পাঁচ দিনের রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাঁকে সেই দায়িত্ব দেওয়ার পক্ষে নন টিম ম্যানেজমেন্টের কেউ কেউ। তেমনই একজন বলেন, ‘‘দিন্দা পাঁচ দিনের ম্যাচে নেতৃত্বের দায়িত্ব সামলাতে পারবে কি না, সন্দেহ আছে।’’

বাকি আর এক সিনিয়র ঋদ্ধিমান সাহা। যিনি নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি নন দলের মধ্যে বিভাজনের জন্য। তবু তাঁকেই আর একবার এই দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করা হবে বলে সিএবি সূত্রের খবর। কারণ, এখন সেই অর্থে দলে তেমন কোনও সমস্যা নেই বলেই ধারণা টিম ম্যানেজমেন্টের। তবে দেবাঙ্গ বলছেন, ‘‘ঋদ্ধির উপর জোর করে নেতৃত্বের দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত হবে না। কারণ, ক্যাপ্টেন্সির চেয়ে ওর ভাল পারফরম্যান্সটাই বাংলার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই ও যদি ইচ্ছুক না হয়, তা হলে ওকে জোর করা উচিত হবে না।’’

শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান সৌরভকেই হয়তো করতে হবে, যিনি নিজে বলছেন, ‘‘দেখা যাক। এই বিষয়টা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement