রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল যুদ্ধের দিন কুড়ি আগে বড় ধাক্কা খেয়ে গেল বাংলা। হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত বঙ্গ অধিনায়ক মনোজ তিওয়ারি এ বার রঞ্জি কোয়ার্টারেও প্রবল অনিশ্চিত হয়ে পড়লেন।
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে লাগে মনোজের। খোঁড়াতে খোঁড়াতে কোনও মতে ব্যাটিং শেষ করলেও ফিল্ডিং সে ম্যাচে আর করা হয়নি মনোজের। এবং গোটা টুর্নামেন্টেই আর নামা সম্ভব হয়নি। কেউ কেউ আশা করেছিলেন, রঞ্জি কোয়ার্টার ফাইনালের আগে পাওয়া যাবে সুস্থ মনোজকে। কিন্তু আপাতত যা পরিস্থিতি, সে আশাবাদেও কালো মেঘ জমছে।
শোনা গেল, চোটের উন্নতি তেমন এখনও হয়নি বঙ্গ অধিনায়কের। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল যুদ্ধ। এবং তার আগে সম্পূর্ণ ফিট তিওয়ারিকে পাওয়ার সম্ভাবনা কম। শুক্রবার সিএবিতে এসেছিলেন মনোজ। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকও হয়। রাতে সৌরভ বলে গেলেন, ‘‘ওর খেলার সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ। না, ঠিক করে বললে চল্লিশ-ষাট।’’ যার অর্থ, সম্ভাবনা কমছে।
যা খবর, তাতে দ্রুতই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হচ্ছে মনোজকে। সৌরভ বলছিলেন, ‘‘ওকে যদি একান্তই না পাওয়া যায়, তা হলে আর কী করা যাবে? বাকিরা আছে, তারাই খেলবে।’’ ঘটনা হল, মনোজ না থাকলে দু’টো অভাব মেটাতে হবে বাংলাকে। এক, অধিনায়কত্ব। দুই, মিডল অর্ডারে ভরসা দেওয়ার মতো ব্যাটসম্যান। মনোজ না থাকায় মুস্তাক আলিতে টিমের নেতৃত্ব দিয়েছিলেন অশোক দিন্দা। এ বারও মনোজ না পারলে তাঁকেই ফের ভাবা হবে কি না, প্রশ্ন। বাংলা টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আবার কেউ কেউ বললেন, পুরো ফিট না হলেও চেষ্টা করে দেখা যেতে পারে। সত্তর শতাংশ ফিট মনোজও অনেকের চেয়ে ভাল।
রঞ্জি কোয়ার্টার ফাইনালের আগে ভিভিএস লক্ষ্মণ-মুথাইয়া মুরলীধরনের সঙ্গে যে বঙ্গ ক্রিকেটারদের একটা শিবির হওয়ার কথা ছিল, সেটাও হচ্ছে না। ভিভিএস এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় ব্যস্ত কমেন্ট্রি নিয়ে। যা খবর, সৌরভ বসতে পারেন টিমকে নিয়ে। দল নির্বাচনী বৈঠকও কিছু দিনের মধ্যে হয়ে যাবে।
এ দিকে, ইডেনের নাম পরিবর্তন নিয়ে যে মামলা করা হয়েছিল সিএবির বিরুদ্ধে, তার একদফা শুনানি এ দিন হল হাইকোর্টে। সিএবি কী করতে চাইছে আদতে, তা নিয়ে আগামী ছ’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে পেশ করতে বলেছে আদালত। স্টেডিয়ামের নাম পরিবর্তন সংক্রান্ত ব্যাপারস্যাপার আপাতত স্থগিত রাখা হচ্ছে। সৌরভকে এ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, ‘‘যে ভদ্রলোক এটা করেছেন, তিনি গত পনেরো বছর ধরে মামলা করে যাচ্ছেন বিভিন্ন বিষয়ে। আদালতের কথামতো আমরা চলব।’’