সাঁতার প্রতিযোগিতা ঘিরে উৎসাহী দর্শকের ভিড়। নিজস্ব চিত্র।
মালদহ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতা। শনিবার সকাল দশটা নাগাদ মালদহ জেলা সুইমিং পুলে অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতা।
সাঁতার প্রতিযোগিতায় চার জেলার ছেলে মেয়েরা অংশ নেয়। এ দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মালদহের জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদি, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী সহ অন্যরা।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, এইবারই প্রথম আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় মালদহ ছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ির ছেলে মেয়েরা অংশ গ্রহণ করেন। টানা দু’দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। ৪৪টি ইভেন্টে ৮৪ জন প্রতিযোগী অংশ নেয়। ১১ থেকে ১৬ বছর বয়সের ছেলে মেয়েদের বিভিন্ন দলে ভাগ করে সাঁতার প্রতিযোগিতাটি হয়। এদিন প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু বাবু বলেন, এদিন থেকে আজ, রবিবার পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। চার জেলা থেকে প্রতিযোগিরা এসেছে। প্রতিটি ইভেন্টের তিনজন সেরাদের আমরা পুরস্কৃত করব।
এদিনই বালুরঘাট পুরসভার উদ্যোগে স্থানীয় সুরেশরঞ্জন পার্কে নিজস্ব সুইমিংপুলে শনিবার বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সকালে প্রতিযোগীদের নিয়ে পুরকর্তৃপক্ষ এবং কাউন্সিলারেরা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। পতাকা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুলিশ সুপার শীশরাম ঝাঝারিয়া, সরকারি আইনজীবী সুভাষ চাকি, বিশিষ্ট ক্রীড়াবিদ শ্যামল রায়, চেয়ারপার্সন চয়নিকা লাহা প্রমুখ। ছোটবড় বিভিন্ন দলে মোট ২০৫ জন প্রতিযোগী সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল। অনুর্ধ ১০ বছর পুরুষ ও মহিলা বিভাগে চাম্পিয়ন হয় পূর্বারণ ঘোষ এবং স্নেহা দেব। অনুর্ধ ১২ বছর বিভাগে যথাক্রমে প্রণবেশ সিংহ এবং দেবলীনা বর্মন চ্যাম্পিয়ন হয়েছে। অনুর্ধ ১৪ এবং অনুর্ধ ১৬ বছর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে সায়ক সাহা, সুচিষ্মিতা রায় এবং সৌম্যদীপ সরকার।