India’s Top 5 Companies

বাজারে মূলধনের নিরিখে দুনিয়া জুড়ে টেক জায়ান্টদের দাপাদাপি, উলটপুরাণ ভারতে! প্রথম পাঁচে কোন কোন সংস্থা?

বাজার মূলধনের নিরিখে সারা বিশ্বে প্রথম পাঁচে থাকা সব ক’টি সংস্থাই প্রযুক্তি কোম্পানি। ভারতের সেরা পাঁচ সংস্থাগুলিও কি টেক জায়ান্ট? না কি সেখানে দাপট দেখাচ্ছে পরিষেবা প্রদানকারী কোনও না কোনও সংস্থা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৬
Share:

—প্রতীকী ছবি।

বাজার মূলধনের নিরিখে বিশ্বের সেরা পাঁচটি সংস্থাই টেক জায়ান্ট। নিত্যনতুন প্রযুক্তি তৈরি করে আমজনতাকে চমকে দিচ্ছে তারা। ভারতের ছবিটা কিন্তু ঠিক এর উল্টো। বাজার মূলধনের নিরিখে এ দেশের সেরা পাঁচটি সংস্থার কোনওটিই টেক জায়ান্ট নয়। বরং সেখানে আধিপত্য রয়েছে পরিষেবা প্রদানকারীদের। প্রথম পাঁচে আছে কাদের নাম? আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

ভারতের সেরা সংস্থাগুলির মধ্যে পঞ্চম স্থানে আছে আইসিআইসিআই ব্যাঙ্কের নাম। এদের ব্যবসা বেশ বৈচিত্রময়। বিভিন্ন ধরনের ঋণ, ক্রেডিট কার্ড এবং গ্রাহকদের বিনিয়োগের সুযোগ দিয়ে থাকে আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এ দেশের অর্থনীতিতে সংশ্লিষ্ট সংস্থাটির যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

চতুর্থ স্থানে থাকা সংস্থাটি হল টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস। দেশের ঐতিহ্যবাহী শিল্পসংস্থা টাটা গোষ্ঠীর এই কোম্পানিটি মূলত তথ্যপ্রযুক্তির পরিষেবা দিয়ে থাকে। তবে প্রযুক্তির দুনিয়ায় টিসিএস নতুন কিছু করছে, এটা ভাবলে ভুল হবে। সফ্‌টঅয়্যার, ক্লাউড ও এন্টারপ্রাইজ় সলিউশনের কাজ করে তারা। দেশের বাইরে ইউরোপ ও আমেরিকাতেও ছড়িয়ে আছে টিসিএসের ব্যবসা।

Advertisement

তালিকায় তিন নম্বরে থাকা সংস্থাটি হল ভারতী এয়ারটেল। ভারতের টেলি পরিষেবার দুনিয়ায় তাদের অবদান অনস্বীকার্য। বর্তমানে অবশ্য এ দেশের ধনকুবের শিল্পপতি মুকেশ অম্বানীর সংস্থা জিয়োর সঙ্গে এয়ারটেলের কঠিন প্রতিযোগিতা রয়েছে। তার পরেও নিজেদের বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে তারা।

দেশের সেরা পাঁচটি সংস্থার মধ্যে দু’নম্বরে আছে এইচডিএফসি ব্যাঙ্কের নাম। আইসিআইসিআই ব্যাঙ্কের মতো এদের ব্যবসাও বৈচিত্রে ভরা। এই তালিকায় প্রথম স্থানে আছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড। জ্বালানি, পেট্রোকেমিক্যাল, খুচরো পণ্য থেকে টেলিকল— বিভিন্ন ক্ষেত্রে ছড়ানো রয়েছে এই সংস্থার ব্যবসা।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাজার মূলধনের নিরিখে তৈরি হওয়া এই তালিকায় যখন-তখন পরিবর্তন আসতে পারে। কারণ, যে কোনও সংস্থার বাজারি মূলধন সব সময় একই রকম থাকবে, তার কোনও মানে নেই। চলতি বছরের জানুয়ারি মাসের হিসাবে এই তালিকা তৈরি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement