Europe Packing Guide

আপাতদৃষ্টিতে জরুরি নয়, তা-ও ইউরোপ ভ্রমণে প্রয়োজনে লাগবে ৫ জিনিস, তালিকায় থাকবে কী কী?

লন্ডনের মতো দেশে বেড়ানোর পরিকল্পনা? জরুরি জিনিসের ভিড়ে সঙ্গে থাকুক কিছু আপাত সাধারণ জিনিসও। বিদেশে গেলে দরকার পড়তে পারে ছোটখাটো জিনিসও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৮:২৭
Share:

লন্ডন বা ইউরোপের অন্য কোনও শহরে বেড়াতে যাবেন। ৫ জিনিস সঙ্গে রাখা কেন জরুরি? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ইউরোপ মানেই স্বপ্নের ভূখণ্ড অনেকের কাছে। বইয়ে পড়া শহরগুলি চাক্ষুষ করা তো স্বপ্ন ছোঁয়ারই সামিল! লন্ডন, প্যারিস, রোম— ইউরোপের নানা দেশের দর্শনীয় স্থান তো নেহাত কম নয়।

Advertisement

ভ্রমণসূচিতে তাই জায়গা করে নিচ্ছে, শৌখিন পোশাক, ব্যাগ, জুতোর সম্ভার। সঙ্গে রাখছেন প্রসাধনীর পসরাও। টাকাপয়সা, জুতো, গ্যাজেট যতই গুছিয়ে নিন না কেন, ইউরোপের নানা দেশে গিয়ে দরকার হতে পারে এমন সাধারণ জিনিস, যা নেওয়ার কথা পর্যটকদের মনেই থাকে না।

লন্ডনের একটি নামী হোটেলে ৩৪ বছর ধরে কাজ করছেন রশিদ আলি। খুব কাছ থেকে তিনি প্রত্যক্ষ করেছেন বিভিন্ন দেশের পর্যটকদের। তিনি দেখেছেন, কোন জিনিস নিয়ে বিদেশ-বিভুঁইয়ে এসে তাঁরা সমস্যায় পড়েন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কথা। কোন ধরনের জিনিস ইউরোপ ভ্রমণে গোছগোছের তালিকায় রাখা দরকার?

Advertisement

লেয়ারিং-এর পোশাক: লন্ডন এমন এক শহর যেখানে একই দিনে চার মরসুমের আবহাওয়ার শরিক হতে পারেন যে কেউ, মত রশিদ আলির। সেই কারণেই সঙ্গে থাকা দরকার লেয়ারিং বা পরতে পরতে পরা যায়, এমন পোশাক। মরসুম দেখে পোশাক বাছাই করলেও সব সময় লাভ হয় না। তাই পরতে পরতে পরার পোশাক নিলে সুবিধা। চাইলে খুলে রাখা যাবে, আবার শীত করলে উপর থেকে লং কোট বা নরম উলের লম্বা কার্ডিগান চাপিয়ে নিলেই চলবে। পকেট থাকলে, দস্তানার অভাব দূর হবে সেই পকেটে হাত ভরে রাখলে।

ছাতা: লন্ডন এমন এক শহর, যেখানে যখন-তখন বৃষ্টি নামতে পারে। ইউরোপের অনেক শহরেই এমন আবহাওয়া মিলতে পারে। তাই সঙ্গে ওজনে হালকা, ভাঁজ করলে ছোট্ট হয়ে যায়, এমন ছাতা বেছে নিন। ইদানীং স্বল্প জায়গায় ধরে যায় শৌখিন বাক্স-সহ সুন্দর ছাতা পাওয়া যায়, যা ফ্যাশনেরও অঙ্গ হতে পারে।

ইউনিভার্সাল অ্যাডপ্টর: বিশ্বের নানা দেশে প্লাগ, সকেট এক এক রকম। ফলে মোবাইল বা অন্য বৈদ্যুতিন যন্ত্র চার্জ দিতে গিয়ে মুশকিল হতে পারে। তা ছাড়া, যে কোনও দেশে বিদ্যুৎ প্রবাহের গতি বা ভোল্টেজ সমান নয়। ইউনিভার্সাল অ্যাডপ্টর সঙ্গে নেওয়া তাই সব সময়ে কাম্য। এই ধরনের অ্যাডপ্টর বিভিন্ন ধরনের প্লাগ পয়েন্টের সঙ্গে মানানসই। কোনও কোনও হোটেল এই ধরনের অ্যাটপ্টর অতিথিদের ব্যবহারের জন্য রাখলেও, সব হোটেল রাখে না। তাই জিনিসটি সঙ্গে রাখাই ভাল।

ক্রসবডি ব্যাগ: ক্রসবডি ব্যাগ শরীরের সঙ্গে আড়াআড়ি থাকে। বেল্টটি সঠিক কায়দায় সেট করলে ব্যাগটি প্রায় বুকের কাছে থাকে। বিদেশে গিয়ে পাসপোর্ট, টাকা, জরুরি নথি খোয়ালে বিপদের শেষ থাকবে না। এমন জরুরি জিনিসগুলি ক্রসবডি ব্যাগে ভরে সামলে রাখুন। আচমতা চুরি-ছিনতাই যে কোনও জায়গায় হতে পারে। সাবধান থাকা জরুরি।

পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল: দিনভর ঘোরাঘুরির সময় সঙ্গে একটি জলের বোতল থাকা ভাল। ইউরোপের বহু দেশেই জল কেনা ব্যয়সাপেক্ষ, তার চেয়ে বড় কথা, বেড়ানোর সময় হাতের কাছে যে দোকান মিলবেই, তার নিশ্চয়তা নেই। তাই পুনর্ব্যহারযোগ্য বোতল রাখুন। অনেক হোটেলেই পরিশোধিত পানীয় জল ভরে নেওয়ার সুযোগ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement