ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
রাস্তার ধারে এক ঝুড়ি লেবু নিয়ে বিক্রি করছিলেন তরুণ। হাতে তাঁর দামি আইফোন ১৭ প্রো ম্যাক্সের ফোন। ফলবিক্রেতাকে আইফোনের মতো দামি ফোন ব্যবহার করতে দেখে এক সমাজমাধ্যম ব্যবহারকারী সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে রাখেন। সেই পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীদের। ভাইরাল হয়েছে সেই পোস্টটি। ভিডিয়োটি কোথায় ও কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল সেই তথ্য পাওয়া যায়নি। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই পোস্টে দেখা গিয়েছে, ফলবিক্রেতা ফোনটি কানে ধরে কথা বলছেন। কমলা রঙের আইফোন ১৭ সিরিজ়ের ফোনটি হাতে ধরা অবস্থায় কমলালেবু বিক্রি করার ছবিটি ছড়িয়ে পড়তেই নেটাগরিকেরা হতবাক হয়েছেন। দামি ব্র্যান্ডেড ফোনটি ব্যবহার করতে দেখে বহু নেটাগরিকই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কারণ এই ফোনটির দাম বহু কর্পোরেট কর্মীর এক মাসের বেতনের চেয়েও বেশি। নেটাগরিকদের কেউ কেউ অবশ্য ফলবিক্রেতার পরিশ্রম ও আইফোন কেনার মতো সাফল্য অর্জন করতে পারার জন্য তাঁর প্রশংসা করেছেন।
পোস্টটি ছড়াতেই কেউ কেউ আবার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বেশির ভাগেরই মত, আইফোনের সাম্প্রতিকতম মডেল বলে যেটি দেখা গিয়েছে সেটি আসল ফোন নয়। আইফোনের আদলে তৈরি একটি ফোনের কেস। এমনকি কেউ কেউ এ-ও দাবি তুলেছেন যে কেউ হয়তো তাঁকে একটি ভিডিয়ো শুট করার জন্য ফোনটি হাতে ধরিয়ে দিয়েছিলেন। কমলা রঙের ফোনটি আসল অ্যাপ্ল ফোনের মতো মনে হলেও আসল কি না তার কোনও স্পষ্ট প্রমাণ নেই।
পোস্টটি ‘দ্যরিচসাইট’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ছবিটি দেখে এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আমি এক জন কর্মচারী, সে তার ব্যবসার মালিক।”