ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মেয়েকে শাস্তি দিতে স্কুলব্যাগে ইট বোঝাই করে রাস্তা দিয়ে হাঁটালেন মা। তাতেও ছাড় মিলল না। প্রকাশ্যে বালিকাকে চড়-থাপ্পড়় মারতেও দেখা গেল মহিলাকে। বিহারের মুজফ্ফরপুরের ঘটনার এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মেয়েকে প্রকাশ্যে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করার ভিডিয়োটি নেটাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝবয়সি এক মহিলা রাস্তায় তাঁর মেয়েকে বকাঝকা করছেন এবং বার বার চড় মারছেন। কিশোরীর দুরবস্থা দেখে পথচারীরা তার অভিভাবককে বাধা দেওয়ার চেষ্টা করেন। আরও একটি দৃশ্য ধরা পড়েছে ভিডিয়োয়। স্কুল থেকে বাড়ি ফেরার সময় কিশোরীর পিঠে ইটভর্তি একটি ব্যাগ চাপিয়ে দিয়েছেন মহিলা। অতিরিক্ত ভারী ব্যাগ নিয়ে হাঁটতে হিমশিম খাচ্ছে স্কুলছাত্রী। উদ্বিগ্ন পথচারীরা তাকে থামানোর পর, নাবালিকা কান্নায় ভেঙে পড়ে। জানায় যে, তার ব্যাগের ভিতরে ইট রাখা হয়েছে। মেয়েটি ব্যাগ থেকে ইট বার করার চেষ্টা করতেই তার মা সকলের সামনেই চড় মারেন বলে অভিযোগ। স্থানীয় লোকজন এ-হেন আচরণের কারণ জানতে চাওয়ায় মারমুখী হয়ে ওঠেন মহিলা। জমায়েতের উদ্দেশে জানান, এই ঘটনায় তাঁদের হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই। যেহেতু সন্তান তাঁর, তিনি তার সঙ্গে যা খুশি আচরণ করতে পারেন। উপস্থিত লোকজনের কেউ কেউ পুলিশে অভিযোগ জানানোর প্রসঙ্গও তোলেন। তাতেও মহিলার মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। উল্টে তিনি জানান, যাঁকে ইচ্ছা ফোন করতে পারেন, তাতে তাঁর কিছু যায় আসে না।
স্থানীয়েরা বার বার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করার পরও বালিকার অভিভাবককে সমানে তর্ক চালিয়ে যেতে দেখা গিয়েছে। কান্নাকাটি করার জন্য মেয়েকে পুনরায় চড় মারতে এবং কটূক্তি করতেও দেখা গিয়েছে ভিডিয়োয়। ভিডিয়োটি ‘তরুণস্পিক্স’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মহিলার আচরণ দেখে সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। বহু সমাজমাধ্যম ব্যবহারকারীই অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘খুবই দুঃখজনক! মেয়ের সঙ্গে মা যদি এমন আচরণ করেন, যদি সে বাড়িতেই নিরাপদ না থাকে, তা হলে তার নিরাপত্তা কোথায়?’’