Lungs disease

রান্নায় ব্যবহৃত স্প্রে থেকে ফুসফুসের বিরল রোগ প্রৌঢ়ের, সংস্থাকে ২২৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলল আদালত!

৫৮ বছর বয়সি মামলাকারী রোল্যান্ড এস্পারজারের পক্ষে রায় দিয়েছে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। রোল্যান্ডের অভিযোগ, রান্নার স্প্রেতে থাকা রাসায়নিক উপাদানটির সংস্পর্শে আসার ফলে তিনি ফুসফুসের একটি বিরল রোগে ভুগছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০১
Share:

ছবি: সংগৃহীত।

রান্নার স্প্রে থেকে ফুসফুসের বিরল রোগ। আদালতে অভিযোগ জানাতেই ২২৬ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ প্রৌঢ়কে। রান্নার স্প্রেতে এমন একটি উপাদান ছিল যা থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে শুরু করেছিলেন ওই ব্যক্তি। সম্প্রতি সেই মামলার রায় দিতে গিয়ে আদালত এই মামলাকারীর অভিযোগ মেনে নেন। তাঁর পক্ষে রায় দিয়ে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৫৮ বছর বয়সি রোল্যান্ড এস্পারজারের পক্ষে রায় দিয়েছে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। রোল্যান্ড আদালতে জানিয়েছিলেন, স্প্রে প্রস্তুতকারক সংস্থা তাদের পণ্যে থাকা ক্ষতিকর উপাদানের ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সতর্ক করতে ব্যর্থ হয়েছে। স্প্রেতে ‘ডায়াসিটাইল’ নামের একটি রাসায়নিক ছিল। এই উপাদানটি শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ ডেকে আনতে পারে। কনাগ্রা নামের শিকাগোর একটি সংস্থা এই স্প্রেটির নির্মাতা। ২০২২ সালে রোল্যান্ড একটি মামলা দায়ের করে দাবি করেন যে উপাদানটির সংস্পর্শে আসার ফলে তাঁর ব্রঙ্কিয়োলাইটিস অবলিটেরানস হয়েছে। এটি ফুসফুসের একটি বিরল রোগ, যা সাধারণত ‘পপকর্ন ফুসফুস’ নামে পরিচিত। একটি পপকর্ন কারখানার শ্রমিকেরা কাজ করার সময় প্রচুর পরিমাণে মাখনের স্বাদযুক্ত রাসায়নিক গ্রহণের ফলে একই রকম শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছিলেন। সেই থেকে এই রোগটির নামকরণ হয়।

কনাগ্রা আদালতে জানিয়েছিল যে, তারা ২০০৯ সাল থেকে ডায়াসিটাইল ব্যবহার বন্ধ করে দিয়েছে। মামলাকারীর আইনজীবী জানান যে তাঁর মক্কেল ১৯৯০ সাল থেকে নিয়মিত এই স্প্রে ব্যবহার করেন। রোল্যান্ড মার্শাল আর্টের শিল্পী ছিলেন। তিনি প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতেন। মাখনের স্বাদযুক্ত এই স্প্রেটি খাবারে ব্যবহার করতেন। আইনজীবীর দাবি, এই রোগের চিকিৎসার বিকল্প সীমিত। যদিও রাসায়নিক উপাদানটির সংস্পর্শ বন্ধ হয়ে গেলে কাশির মতো কিছু লক্ষণ কমে যায়। তবে ফুসফুসের স্থায়ী ক্ষতি হয়। রোল্যান্ডকে ফুসফুস প্রতিস্থাপন করতে হবে।

Advertisement

রায়ের প্রতিক্রিয়ায় কনাগ্রা বলেছে যে তারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। সংস্থাটি জানিয়েছে, তাদের কুকিং স্প্রেটি নিরাপদ এবং প্রায় দু’দশক ধরে ডায়াসিটাইল মুক্ত। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে লড়াই করবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement