ছবি: সংগৃহীত।
পটভূমিতে আইফেল টাওয়ার। প্যারিসের এই বিশ্বখ্যাত স্থাপত্যকে সাক্ষী রেখে উজ্জ্বল রঙের শাড়ি পরে হেঁটে আসছেন একের পর এক মহিলা। ঠিক যেন প্যারিস ফ্যাশন উইক। তবে তা আদ্যোপান্ত ভারতীয়। প্যারিসের আইফেল টাওয়ারের কাছে শাড়ি পরে আত্মবিশ্বাসের সঙ্গে হেঁটে আসার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বিভিন্ন বয়সের মহিলার বিভিন্ন ধরনের শাড়ি পরে আইফেল টাওয়ারের সামনে র্যাম্প ওয়াক করছেন। কারও পরনে টকটকে লাল রঙের জরিপাড় সিল্কের শাড়ি। কেউ পরেছিলেন কচি কলাপাতা ও ম্যাজেন্টা পাড়ের শাড়ি। উজ্জ্বল রঙের ঐতিহ্যবাহী শাড়ি পরা বেশ কয়েক জন মধ্যবয়সি নারী একে একে পোজ় দিচ্ছিলেন। মজাদার র্যাম্প ওয়াকটি তাঁরা মনেপ্রাণে উপভোগ করছেন। তাঁরা ক্যামেরার সামনে হাসছিলেন পাশাপাশি গর্বের সঙ্গে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকের বৈচিত্র তুলে ধরেছেন। আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রশংসা কুড়িয়েছেন এই মহিলারা। প্রকাশ্য স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বা আশপাশের পর্যটকদের বিরক্তি উদ্রেক না করেও যে রিল ভিডিয়ো তৈরি করা যায় তা প্রমাণ করে দিয়েছেন প্যারিসে ছুটি কাটাতে যাওয়া একদল মহিলা।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘দীপকলাওডে’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। ২৭ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। নেটাগরিকদের একাংশ প্রশ্ন তুলেছেন যে, জনাকীর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে এই ধরনের সাজানো ফোটোশুট এবং পরিবেশনা কতটা সমীচীন। অন্যরা যুক্তি দিয়েছেন যে, এই মহিলারা কেবল নিজেদের মতো আনন্দ করছিলেন এবং ভিডিয়ো শুট করছিলেন এবং এতে আশপাশের মানুষের কোনও অসুবিধা হয়নি। অনেক নেটমাধ্যম ব্যবহারকারীই এই ভিডিয়োটিকে রসিকতা করে ‘প্যারিস ফ্যাশন উইক’ বলে উল্লেখ করেছেন।