ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ভাইকে ফিরিয়ে আনল দাদা। খেলতে খেলতেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। লোহার ভারী গেট উল্টে চাপা পড়ে গেল এক নাবালক। পাশেই গেটের অন্য একটি অংশ ধরে খেলছিল আরও একটি নাবালক। ভাইয়ের বিপদ দেখে ছুটে গেল সে। বিপদের সময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে না থেকে এমন এক সিদ্ধান্ত নিল যাতে তার ভাইয়ের প্রাণরক্ষা হল। সেই ঘটনারই একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ফুটেজে দেখা গিয়েছে, একটি আবাসনে মূল দরজায় খেলছিল দুই নাবালক। অপেক্ষাকৃত ছোট নাবালকের উপর খোলা দরজার একটি অংশ পড়ে যায়। ভারী গেটটি আংটা থেকে খুলে তার ঘাড়ে পড়ে যায়। পাশেই গেটের অন্য অংশ ধরে খেলছিল লাল জামা পরা অন্য একটি বালক। সে দুর্ঘটনার কবলে পড়া বালকের দাদা। ভাইয়ের বিপদ দেখে ছুটে আসে সে। প্রথমে বাইরের দিকে ছুটে গিয়েও তক্ষুনি ভাইয়ের দিকে ছুটে আসে। কচি হাত দিয়েই লোহার দরজাটি তুলে ভাইকে উদ্ধার করার চেষ্টা করে। সফল না হয় বাইরের দিকে ছুটে যায় সাহায্য চাইতে। ভাইয়ের কষ্ট দেখে নিজেই ফিরে আসে আবার। এ বার সর্বশক্তি দিয়ে দরজাটি তোলার চেষ্টা করে দাদা।
ভাইকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা সফল হয় দাদার। ধীরে ধীরে দরজাটিকে সামান্য উঁচু করে তুলতে সেই সরু ফাঁকটি দিয়ে বার হয়ে আসে চাপা পড়া নাবালকটি। ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ‘মি.পটেটোহেডইউএসএ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার তা প্রায় ৫০ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা নাবালককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এমন বাহুবলী দাদা থাকতে ভাইয়ের কাছে বিপদ ঘেঁষতে ভয় পাবে।’’