Viral Video

বেজিঙের সর্বোচ্চ ভবনে আছড়ে পড়ল ছোট বিমান! ধ্বংসাবশেষ পড়ার দৃশ্য প্রকাশ্যে, চিনা সমাজমাধ্যমে মোছা হল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানটি রাষ্ট্রীয় মালিকানাধীন বহুজাতিক সংস্থা সিআইটিআইসি গ্রুপের সদর দফতরে গিয়ে ধাক্কা মেরেছে। ভিডিয়োয় ধরা পড়ছে দুর্ঘটনাটি ঘটার পর টাওয়ার থেকে ধ্বংসাবশেষ খসে পড়ছে। ভিডিয়োয় ধরা পড়েছে ভবনটির একটি ক্ষতিগ্রস্ত অংশটিও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১১:৩০
Share:

ছবি: সংগৃহীত।

বেজিঙের সর্বোচ্চ ভবনে আছড়ে পড়ল একটি ছোট বিমান। গাড়ির মতো আকারের একটি বিমান চিনের রাজধানী শহরের সবচেয়ে উঁচু বহুতল সিআইটিআইসি টাওয়ারে বিধ্বস্ত হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। এই বহুতলটি ১০৯তলার। বিমানটি বহুতলে এসে বিধ্বস্ত হওয়ার পর সেটির ধ্বংসাবশেষ টুকরো টুকরো হয়ে মাটিতে পড়তে থাকে। এই ঘটনাটির দৃশ্য সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানটি রাষ্ট্রীয় মালিকানাধীন বহুজাতিক সংস্থা সিআইটিআইসি গ্রুপের সদর দফতরে গিয়ে ধাক্কা মেরেছে। ভিডিয়োয় ধরা পড়ছে দুর্ঘটনাটি ঘটার পর টাওয়ার থেকে ধ্বংসাবশেষ খসে পড়ছে। ভিডিয়োয় ধরা পড়েছে ভবনটির একটি ক্ষতিগ্রস্ত অংশটিও। সেই সঙ্গে বিধ্বস্ত বিমানটির লেজের অংশ এবং মাটিতে পড়ে থাকা ভাঙা জানালাও দেখা গেছে। ভবনটির দু’টি কাচের প্যানেল ভাঙা অবস্থায় দেখা গিয়েছে। বিমান দুর্ঘটনার ফলে মাটিতেও একটি ছোট অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এ সময় পুলিশ গগনচুম্বী ভবনটির চারপাশের রাস্তা বন্ধ করে দেয় এবং পথচারীদের ঘটনাস্থলের ভিডিয়ো ধারণ করতেও বাধা দেওয়া হয়। বিমানটি ভেঙে প়ড়ার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। গাড়ির চলাচলের জন্য কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশকর্মীরা ছবি তুলতে বাধা দেন। কাউকে আবার তাঁদের তোলা ছবি এবং ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনটির সামনে থেকে জমা হওয়া জনতাকে সরিয়ে দেওয়া হয়।

ভিডিয়োটি ‘সি_বিটকয়েন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে সেটি। প্রচুর লাইক, কমেন্ট জমা পড়েছে তাতে। তবে চিনের সমাজমাধ্যম থেকে ঘটনার ছবি ও ভিডিয়ো মুছে ফেলা হয়েছে। সংবাদমাধ্যম সিএনএন সূত্রে খবর, অনলাইন ছবিগুলো আরও গভীর ভাবে খতিয়ে দেখে গাড়ির আকারের বিমানটিতে একটি রেজিস্ট্রেশন কোড পাওয়া গিয়েছে। সেটি দেখে মনে হচ্ছে এটি সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা নামের সংস্থার তৈরি একটি হালকা স্পোর্টস প্লেন। বিমান সংস্থা বা চিনের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement