ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাতে বাড়ি ফেরার জন্য অ্যাপবাইকের শরণাপন্ন হয়েছিলেন তরুণ। বুকিং হতেই চালকের নামটি দেখে মনে কিছু প্রশ্ন উঁকি দিয়েছিল গ্রাহকের। চালকের জন্য অপেক্ষা করতে গিয়ে তার মনে বার বারই প্রশ্ন জাগছিল তিনি যাঁকে চালক হিসাবে আশা করছেনবাইকচালক সেই ব্যক্তিই কি না। বাইকচালক এসে দাঁড়াতেই গ্রাহকের মনের সমস্ত দোলাচল মুছে গেল। তাঁর সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন— গ্রাহকের সতীর্থ ও ক্লাস টপার তরুণ। সমস্ত দৃশ্যটি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে প্রকাশ করেছেন উমর নামের তরুণ। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল ভিডিয়োয় উমর নামের তরুণকে অ্যাপ বুক করে অপেক্ষা করতে দেখা গিয়েছে। অ্যাপ বাইক বুক করার পর ফোনে চালকের নামের জায়গায় চন্দন বলে এক জনের নাম দেখাতেই কৌতূহলী হয়ে ওঠেন উমর নামের গ্রাহক। কারণ বাইকচালকের নাম ও পদবি তাঁর স্কুলে ক্লাসে প্রথম স্থান অধিকার করা সহপাঠীর সঙ্গে মিলে গিয়েছিল। অপেক্ষা করার পর অ্যাপ বাইকচালক উমরের সন্দেহ বাস্তবে পরিণত হল। বাইকচালক তাঁর সহপাঠীই বটে! তাঁকে দেখে উমর মজা করে ‘ভাই’ বলে ডেকে ওঠেন। স্কুলের সহপাঠীকে সঠিক ভাবে চিনতে পেরেছেন কি না তাও জানতে চাইলেন উমর। চন্দন বন্ধুর অভ্যর্থনায় হাসিমুখে সাড়া দেন।
উমর তাঁকে জিজ্ঞাসা করেন যে তিনি কত দিন ধরে বাইক রাইডার হিসাবে কাজ করছেন। চন্দন সেই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে এও ব্যাখ্যা করলেন যে জীবন সব সময় প্রত্যাশা অনুযায়ী চলে না। যাত্রার সময় চন্দন মজা করে উমরকে জানান যে তাঁর কাছ থেকে যাত্রার জন্য কোনও টাকা নেবেন না তিনি। উমর তাঁকে মনে করিয়ে দেন যে বাইকচালক একসময় তাঁদের ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র ছিলেন।
ভিডিয়োটি ‘সিরাসতডেলি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর প্রচুর মানুষ তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এক জন প্রাক্তন ক্লাস টপারকে বাইক রাইডার হিসাবে কাজ করতে দেখাটা সত্যিই অবাক করার মতো।’’