ছবি: সংগৃহীত।
শুধুমাত্র সন্দেহের বশে প্রেমিকার চুলের মুঠি ধরে বেধড়ক মারধর। তরুণীর গলা চেপে ধরে ও তাঁকে একের পর এক ঘুষি ও চড় মারছেন এক তরুণ। ভালবাসার মানুষের হাতে অত্যাচারিত হয়েও মুখ বুজে রইলেন তরুণী। একটি জামাকাপড়ের দোকানের মধ্যে ঢুকে তরুণীকে অত্যাচার করার দৃশ্যটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের পিম্পড়ি-চিঞ্চওয়াড়ে। ২৭ মে, বিকেল ৪:৪৭ মিনিটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে অভিযুক্ত তরুণ কাপড়ের দোকানে প্রবেশ করেন। সূত্রের খবর প্রেমিকাকে সন্দেহ করছিলেন তিনি। সেই সময় দোকানে উপস্থিত ছিল এক শিশুও। তার সামনেই তরুণীর উপর অকথ্য অত্যাচার করতে শুরু করেন অভিযুক্ত। একাধিক বার চড়, ঘুষি মারতে দেখা যায় তরুণকে। মার খেয়ে এক পর্যায়ে তরুণী মাটিতে বসে পড়েন। তরুণের পায়ে ধরে ক্ষমাও চাইতে দেখা যায় তাঁকে। তাতেও মন গলেনি তরুণের। চার মিনিট ধরে এই কাণ্ড ঘটিয়ে চলেন তরুণ। ভয়ে শিশুটি দোকানের কাউন্টারে লুকিয়ে পড়ে। তাকেও শাসাতে ছাড়েননি তরুণ।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘পরম_১১৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকেরা। যদিও দোকানের মালিক এই বিষয়টি নিয়ে কোনও ব্যবস্থা নেননি। কেউই পুলিশকে খবর দেয়নি। সংবাদ প্রতিবেদন অনুসারে, ভিডিয়োটি দেখে স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপও করতে চায় পুলিশ। তবে তরুণী কোনও অভিযোগ দায়ের করতে রাজি হননি বলেই সংবাদমাধ্যম সূত্রে খবর। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি ভিত্তি না থাকায় তরুণকে গ্রেফতার করা সম্ভব হয়নি।