ছবি: সংগৃহীত।
জীবনের ঝুঁকি নিয়ে কুয়োয় আটকে পড়া একটি ছাগলকে উদ্ধার করল এক নাবালক। প্রাপ্তবয়স্কেরা যা করতে পারল না তাই করে দেখাল বছর আটের নাবালক। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বিহারের মতিহারি জেলার পাহাড়পুর এলাকার একটি গ্রামের ঘটনা। ছোট্ট ছেলেটির সাহসের সঙ্গে ছাগলছানাটিকে উদ্ধারের ঘটনা সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছাগলের বাচ্চাটি একটি খোলা কুয়োর কাছে খেলা করছিল। কিন্তু হঠাৎ করেই পা পিছলে ভেতরে পড়ে যায় প্রাণীটি। জলের বুড়বুড়ি কাটার তীব্র শব্দে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
কুয়োটি গভীর হওয়ায় ছাগলটির উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। গ্রামবাসীরা প্রথমে দড়ি ব্যবহার করে প্রাণীটিকে টেনে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। হাতের কাছে কোনও বিকল্প উপায়ের সন্ধান করতে না পেরে এক নাবালককে মোটা চাদরের সঙ্গে দড়ি বেঁধে কুয়োয় নামিয়ে দেওয়া হয়। সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে ছোট ছেলেটি স্বেচ্ছায় প্রাণীটিকে বাঁচাতে কুয়োয় নেমে যায়।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নাবালকের কোমরে শক্ত করে একটি দড়ি বেঁধে রাখা হয়েছিল এবং বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দা তাকে সাবধানে কুয়োয় নামিয়ে দেন। অন্যেরা উপর থেকে দড়িটি শক্ত করে ধরে রাখেন। অসাধারণ সাহসের সঙ্গে নাবালক ভীত ছাগলটির কাছে পৌঁছোয়। ছাগলছানাটিকে জল থেকে তুলে নিরাপদে ধরে রাখে। ধীরে ধীরে উপর থেকে দড়ির সাহায্যে নাবালক ও ছাগল উভয়কেই কুয়ো থেকে তুলে আনা হয়। সৌভাগ্যবশত ওই নাবালক বা ছাগলটি কেউই গুরুতর আঘাত পায়নি।
ছাগল উদ্ধারের ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘ভারত ডট বেস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন। ছোট ছেলেটির সাহসের প্রশংসাও করেছেন নেটাগরিকের।