গঙ্গায় ঝাঁপ তরুণীর। ছবি: এক্স থেকে নেওয়া।
বারাণসীর ঘাটে বসে প্রেমিকের সঙ্গে অশান্তি, বাগ্বিতণ্ডা থেকে চড়! প্রকাশ্যে মনের মানুষের হাতে চড় খেয়ে নিজেকে সামলে রাখলে পারলেন না তরুণী। সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন পাশ থেকে। প্রেমিকের চোখের সামনে সটান গঙ্গায় ঝাঁপ দিলেন তিনি। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর ঘাটে বসে রয়েছেন এক যুগল। কোনও একটি বিষয় নিয়ে জোর বিতণ্ডা চলছে তাঁদের মধ্যে। উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে হঠাৎই প্রেমিকাকে জোরে চড় মারেন প্রেমিক। স্তম্ভিত হয়ে যান তরুণী। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে প্রেমিকের পাশ থেকে উঠে চলে যান তিনি। কয়েক পা এগিয়ে শোকে মুহ্যমান হয়ে সটান লাফ মারেন নদীতে। সেই সময় ঘটনাস্থলে অনেকেই উপস্থিত ছিলেন। ওই দৃশ্য দেখে তরুণীকে বাঁচানোর জন্য এগিয়ে যান তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ঘটনাটি বারাণসীর গঙ্গার ঘাটে ঘটেছে। ঘাটের মাঝিদের তৎপরতায় ওই তরুণীর প্রাণ বেঁচেছে বলেও জানা গিয়েছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কেমন প্রেম! এ রকম হলে নিজের জীবন শেষ না করে প্রেমিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত।’’