Viral Video

‘বুড়ো বয়সে’ আম চুরি করতে গিয়ে বিপত্তি, ওজন সইতে না পেরে শিকড়সমেত রাস্তায় পড়ল গাছ! ভাইরাল ভিডিয়ো

বড় বয়সে গাছে উঠে আম চুরি করতে গিয়ে বিপাকে তরুণ। মাটি থেকে উপড়ে গেল গাছ। মজার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১২:৫১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গ্রীষ্মকাল মানেই আমের স্বাদ আস্বাদন করা। কথায় বলে, আমের স্বাদ দ্বিগুণ হয় যখন তা অপরের গাছ থেকে চুরি করে খাওয়া হয়। মজার এই ‘পাপকাজ’ ছোটবেলায় অনেকেই করে। বড় হয়েও সেই মজাকে পুনরায় উপভোগ করার ইচ্ছা জাগল দুই তরুণের মনে। এক জন নীচে থেকে পাহারা দিলেন, আর অপর জন গাছে উঠলেন আম পাড়তে। কিন্তু আম চুরি করতে উঠে ঘটালেন এক অদ্ভুত কাণ্ড। পুরো গাছটাই মাটি থেকে গোড়াসমেত উপড়ে ফেললেন গাছে ওঠা তরুণ। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় পাশে দাঁড়িয়ে রয়েছে পেল্লায় আমগাছ। স্কুটারে চেপে সেটার নীচে এসে দাঁড়ালেন দুই তরুণ। সেখান থেকে এক জন নেমে সোজা গিয়ে উঠলেন আমগাছে। অপর জন দাঁড়িয়ে আশপাশ দেখতে লাগলেন যে তাঁদের এই কাজ কারও চোখে পড়ছে কি না। গাছে থাকা তরুণের ডাক শুনে স্কুটার নিয়ে দাঁড়িয়ে থাকা তরুণ এগিয়ে গেলেন। একটা আম এনে রাখলেন স্কুটারে থাকা ব্যাগে। আবার স্কুটারে চেপে বসলেন। গাছের দিকে তাকিয়ে পরবর্তী আম নেওয়ার ডাক কখন আসবে তা ভাবতে লাগলেন। সেই সময়ই ঘটল বিপত্তি। গেছো তরুণের দেহের ওজন আর নিতে পারল না আমগাছ। মাটি থেকে শিকড়সমেত উপড়ে পড়ে গেল রাস্তার উপর। গাছে থাকা তরুণও গাছের সঙ্গে ধপাস করে রাস্তার উপর পড়লেন। কিন্তু কোথায় লাগল না লাগল তা দেখার আর সময় পেলেন না। দৌড়ে গিয়ে স্কুটারের পিছনের আসনে বসলেন। স্কুটারে থাকা তরুণ তীব্র গতিতে ছোটালেন দু’চাকা। চোখের পলক ফেলতে না ফেলতে সেখান থেকে হাওয়া হয়ে গেলেন দু’জনে। আমগাছটি রাস্তার উপর পড়ে রইল। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘দীনেশ কুমার’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় তিন লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। চার হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মজার মন্তব্যে পোস্টটির মন্তব্যবাক্স ভরে গিয়েছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বড় বয়সে গাছে আম চুরি করতে ওঠার ফল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement