Viral Video

গাড়ি টানার সময় পড়ে গেল শীর্ণকায় ঘোড়া, তা-ও অত্যাচার চালালেন সহিস! ভাইরাল কলকাতার রাস্তার ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কলকাতার রাস্তায় গাড়ি টানার সময় দু’টি ঘোড়ার একটি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে চোখ বন্ধ হয়ে যায় শীর্ণকায় ঘোড়াটির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১১:৫৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

তীব্র গরমে কলকাতার ব্যস্ত রাস্তায় গাড়ি টানার সময় একটি ঘোড়ার অসুস্থ হয়ে পড়া নিয়ে দেশ জুড়ে হইচই পড়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক খ্যাতনামী থেকে শুরু করে নেটাগরিকেরা। সমাজমাধ্যমে সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে। এই ধরনের প্রাণীদের প্রতি তাদের মালিকের আচরণ নিয়ে বিতর্কেরও সূত্রপাত হয়েছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কলকাতার রাস্তায় ঘোড়াগাড়ি টানার সময় দু’টি ঘোড়ার একটি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে চোখ বন্ধ হয়ে যায় শীর্ণকায় ঘোড়াটির। সঙ্গে সঙ্গে সহিস নেমে তাকে মাটি থেকে তোলার চেষ্টা করেন। অমানবিক ভাবে ঘোড়ার গলায় থাকা দড়ি ধরে উপরের দিকে টানতে শুরু করেন তিনি। কিন্তু ঘোড়াটি মাটি থেকে উঠতে পারেনি। কিছু ক্ষণ পরে মাথাটুকু তুলতে পারে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো দেখে নিন্দার ঝড় বয়ে গিয়েছে।

পশু অধিকার সুরক্ষা গোষ্ঠী (পেটা)-র নজরেও পড়ে সেই ভিডিয়ো। এক্স হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিল পেটা। ঘোড়ায় টানা গাড়িগুলির বদলে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের আবেদনও জানিয়েছিল তারা।

Advertisement

সমাজের অনেক খ্যাতনামীরাও ভিডিয়োটি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পূজা ভট্ট এবং রাজ্যসভার সাংসদ তথা সমাজকর্মী স্বাতী মালিওয়াল। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশও। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘কী নিষ্ঠুর! ঘোড়াটিকে কি আদৌ ঠিক করে খাওয়ানো হয়?’’ অন্য এক জন ব্যবহারকারী আবার লিখেছেন, ‘‘ঘোড়ার মালিকের কঠোর শাস্তি হওয়া উচিত।’’

সমাজমাধ্যমের প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে যে, পেটার অভিযোগের ভিত্তিতে ভবানীপুর থানায় ঘোড়ার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্তও করা হচ্ছে। অন্য দিকে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে, ঘোড়াটি এখন চিকিৎসাধীন রয়েছে এবং এক জন পশুরোগ চিকিৎসক নিয়মিত তার খেয়াল রাখছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement