8th Pay Commission

জুলাইয়ে দু'দিনের সফরে কলকাতায় আসছে অষ্টম পে কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধিদল, উৎসাহী সরকারি কর্মচারীরা

ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ ‘অষ্টম কেন্দ্রীয় পে কমিশন’-এর পক্ষ থেকে জারি করা ওই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ এবং ১০ জুলাই পে কমিশনের উচ্চপদস্থ আধিকারিক ও প্রতিনিধিদল কলকাতায় আসছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২৩:২২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধন ও মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে তৎপরতা শুরু হয়েছে। সোমবারই এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের আশ্বস্ত করে বড় ঘোষণা করেন যে, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে রাজ্যে অষ্টম পে কমিশন কার্যকর করা হবে। এর মধ্যেই অষ্টম কেন্দ্রীয় পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পশ্চিমবঙ্গ সফরের আনুষ্ঠানিক সূচি ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর স্বাভাবিক ভাবেই রাজ্যের প্রশাসনিক অলিন্দে এবং কর্মচারী মহলে আলোচনা শুরু হয়েছে।

Advertisement

ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ ‘অষ্টম কেন্দ্রীয় পে কমিশন’-এর পক্ষ থেকে জারি করা ওই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ এবং ১০ জুলাই পে কমিশনের উচ্চপদস্থ আধিকারিক ও প্রতিনিধিদল কলকাতায় আসছে। এই দুই দিনের সফরকালে কমিশনের সদস্যেরা কেন্দ্রীয় সরকারি সংস্থা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন নথিভুক্ত অ্যাসোসিয়েশন বা ইউনিয়নগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও গুরুত্বপূর্ণ মতবিনিময় করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে সমস্ত অংশীদার বা সংগঠন কলকাতায় এসে কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করতে এবং নিজেদের দাবিদাওয়া বা স্মারকলিপি পেশ করতে ইচ্ছুক, তাদের আগামী ১৫ জুনের মধ্যে একটি নির্দিষ্ট অনলাইন লিঙ্কের মাধ্যমে সাক্ষাতের জন্য আবেদন জানাতে হবে। আবেদনের সময় তাদের স্মারকলিপি জমা দেওয়ার পর প্রাপ্ত ‘ইউনিক মেমো আইডি’ উল্লেখ করা বাধ্যতামূলক। এই বিষয়ে বিস্তারিত জানতে এবং তা জমা দেওয়ার জন্য কমিশনের নিজস্ব ওয়েবসাইট দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকের নির্দিষ্ট স্থান এবং সময়সূচি পরবর্তী সময়ে পৃথক ভাবে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন অষ্টম কেন্দ্রীয় পে কমিশনের ডেপুটি সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ। সেখানে উল্লেখ রয়েছে, অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও কমিশন আগামী দিনে পর্যায়ক্রমে এই ধরনের বৈঠকের আয়োজন করবে। রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে সুযোগ-সুবিধা পাওয়ার দীর্ঘ দিনের দাবি পূরণের ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement