ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পথেঘাটে চলার ক্ষেত্রে নারীরা কতখানি নিরাপদ সে বিষয়ে সব সময়ই প্রশ্ন উঠতে থাকে। একা চলাফেরার ক্ষেত্রে তো কথাই নেই, অনেক সময় সঙ্গী থাকা সত্ত্বেও হেনস্থার শিকার হন মহিলারা। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যা নারী পর্যটকদের নিরাপত্তা এবং পর্যটনকেন্দ্রগুলিতে আরও কড়া নজরদারির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনাকে নতুন করে উস্কে দিয়েছে।
এক্স-এর (সাবেক টুইটার) ‘দ্য মর্ডার্ন হিমাচল’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক বিদেশিনি। তাঁর সঙ্গে এক পুরুষও রয়েছেন। হঠাৎই উল্টো দিক থেকে এক তরুণ হেঁটে এসে বিদেশিনির পায়ের খোলা অংশ স্পর্শ করেন। ঘটনায় হতচকিত হয়ে যান ওই তরুণী। একটি সিসিটিভি ফুটেজ থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ঘটনাটি হিমাচল প্রদেশের। সেখানে আরও লেখা হয়েছে যে এই ধরনের ঘটনার ফলে কেবল পর্যটকেরা তিক্ত অভিজ্ঞতা লাভ করেন, তাই-ই নয়। ভারতের ভাবমূর্তিও কলঙ্কিত হয়। ভারতের পাহাড়ের কোলে শান্তিতে ঘুরে বেড়ানো এক নারী এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করবেন বলে মনে করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য হিমাচল পুলিশের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করা হয়েছে ওই পোস্টে। তবে পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেছে কি না, তা জানা যায়নি।
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকেরা। অনেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। অজস্র মন্তব্যও জমা পড়েছে মন্তব্যবাক্সে। ওই যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রায় সকলেই। এক জন লিখেছেন, “আমার হাতে ক্ষমতা থাকলে আমি ওই যুবকের হাত কেটে নেওয়ার নির্দেশ দিতাম।”