Viral Video

আচমকা শিলাবৃষ্টির দাপটে মরুরাজ্যের বেশ কিছু অংশ ঢাকল সাদা চাদরে! ভাইরাল ভিডিয়োয় উদ্বেগ

মরুভূমির সোনালি বালুকা ঢেকে রয়েছে সাদা শিলার চাদরে। রাজস্থানের বিকানেরের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১২:০১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চারিদিকে ধু-ধু সাদা প্রান্তর। যত দূর চোখ যাচ্ছে, সাদা শিলার চাদর আর প্রবল ঝড় সামলে ওঠা পাতাঝরা শীর্ণ গাছ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দেখে কোনও ঠান্ডার জায়গা মনে হলেও, আদতে তা না। ভারতের মরুভূমি অঞ্চল রাজস্থান এটি। ৩ এপ্রিল রাজস্থানের কিছু অংশ সাক্ষী থেকেছে এক ভয়ঙ্কর শিলাবৃষ্টির। সেই ঘটনার পর থেকে রাজস্থানের বিকানেরের রাজিয়াসার এবং অর্জুনসার এলাকার তাপমাত্রা হঠাৎ করেই ব্যাপক ভাবে কমে গিয়েছে। মরুভূমির সোনালি বালুকা ঢেকে রয়েছে সাদা শিলার চাদরে। রাজস্থানের বিকানেরের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সোনালি মরুভূমির যত দূর চোখ যাচ্ছে, পুরোটাই সাদা। দেখে মনে হচ্ছে যেন কাশ্মীরের কোনও উপত্যকায় দাঁড়িয়ে কেউ ভিডিয়ো করছেন। কিন্তু মরুভূমির উপর পড়ে থাকা ছোট্ট পাথরের মতো দেখতে সাদা রঙের স্ফটিকগুলি আদতে বরফ নয়, শিলা। এপ্রিল মানেই রাজস্থানের সকালের আকাশে তপ্ত সূর্যের দেখা পাওয়া। কিন্তু ভাইরাল ভিডিয়োয় আকাশে সূর্যের কোনও দেখা পাওয়া যাচ্ছে না। আকাশ ঢেকে রয়েছে কালো মেঘের গালিচায়। দেখে মনে হচ্ছে, সে আবার যখন-তখন গর্জে উঠতে পারে। রাজস্থানের দুর্লভ দৃশ্যের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজস্থানের আবহাওয়া এরই মধ্যে স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ তাঁরা দেখতে পাচ্ছেন না। তাঁদের মতে, এই দুর্যোগের নেপথ্যে থাকতে পারে পশ্চিমি ঝঞ্ঝা। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে বয়ে আসা আর্দ্রতাপূর্ণ বায়ু মরুভূমির তীব্র উত্তাপের সংস্পর্শে আসার ফলে এমনটা হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। এর ফলে রাজস্থানের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। এটি তাঁদের রবিশস্য, যেমন গম কাটার সময়। সেই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়ায় ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

পরবীন কাসওয়ান নামের বন আধিকারিক নিজের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় চল্লিশ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। পোস্টটির মন্তব্যবাক্সে নেটাগরিকেরা রাজস্থানের জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বহু নেটাগরিক কৃষকদের অসহায়তার কথা ভেবে সমবেদনা জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement