ছবি: এক্স থেকে নেওয়া।
কোথাও রাস্তায় তর্ক, কোথাও মেট্রোয়তে ঝামেলা, কোথাও যুগলদের মধ্যে বিতণ্ডা— প্রতি দিন সমাজমাধ্যমে মারামারি এবং ঝগড়ার একাধিক ভিডিয়েো ভাইরাল হয়। কিন্তু সম্প্রতি যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, তা মানুষকে যেমন বিস্মিত করেছে, তেমনই আবার মজার মজার মন্তব্য করতে বাধ্য করেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ তাঁর প্রেমিকার সঙ্গে বিমানে চড়ে গোয়া ভ্রমণে যাওয়ার সময় তাঁর আরও দুই প্রেমিকা ওই একই বিমানে এসে পৌঁছোন। তার পর যা ঘটেছে, তা বিমানের অন্দরের পুরো পরিবেশটাই পাল্টে দেয়। ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেমিকার সঙ্গে বিমানে চড়ে গোয়া ভ্রমণে যাচ্ছেন এক তরুণ। কিন্তু বিপত্তি বাধে যখন তরুণের আরও দুই প্রেমিকা ওই বিমানে উপস্থিত হওয়ার পর। তরুণের তিন প্রেমিকা একে অপরের কথা জানতে পেরে নিজেদের মধ্যে তুমুল বিতণ্ডা শুরু করেন। বিষয়টি হাতাহাতির পর্যায়ে না পৌঁছোলেও তাঁদের বাগ্যুদ্ধ এতটাই তীব্র ছিল যে তা অন্য যাত্রীদের মনোযোগ আকর্ষণ করে। বিমানকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও লাভ হয়নি। তরুণের তিন প্রেমিকার কেউই তাঁদের কথা শুনতে রাজি হননি। প্রত্যেকেই নিজের যুক্তি প্রমাণ করার চেষ্টা করছিলেন। অন্য দিকে তরুণ কাঁচুমাচু মুখ করে সবটা দেখতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কর্ম হী পুজা হ্যায়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। হাসির রোল উঠেছে নেটপাড়ায়। অনেকে আবার ঘটনাটি সত্যি সত্যি ঘটেছে, না তা সাজানো— তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘তরুণ এখন কেমন আছেন? হাড়গোড় আস্ত আছে তো?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কলির কেষ্ট। বেচারা তরুণ সবার খরচ দিচ্ছিল, ফোনের রিচার্জ করাচ্ছিল, তবুও ফেঁসে গেল।’’ তৃতীয় এক নেটাগরিক মন্তব্যে করেছেন, ‘‘অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই ডুবলেন তরুণ। যদিও আমার কেমন যেন বিষয়টি সাজানো বলে মনে হচ্ছে।’’