Bizarre Incident

রেস্তরাঁয় স্বামীর সঙ্গে নৈশভোজের সময়ে ঘাড়ে গেঁথে গেল তীব্র ঝড়ে উড়ে আসা ছাতার ফলা! সঙ্গে সঙ্গেই মৃত্যু বধূর

জানা গিয়েছে, লেক ম্যারিয়নের ওই রেস্তরাঁয় স্বামীর সঙ্গে নৈশভোজ সারছিলেন এক মহিলা। এমন সময় প্রবল বাতাসে রেস্তরাঁর একটি ছাতা উড়ে এসে তাঁর মাথা এবং ঘাড়ের মাঝে আঘাত করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১১:২৪
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

হলিউডের ‘ফাইনাল ডেস্টিনেশন’ সিরিজ়ের ছবিগুলির কথা মনে আছে? কী ভাবে রেস্তরাঁয়, স্নানাগারে, বিমানে, ঘরে বসে থাকাকালীন নিছক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ছবিগুলির মূল চরিত্রদের। অনেক চেষ্টা করেও তাদের কেউই মৃত্যুকে ফাঁকি দিতে পারে না। ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়। স্বামীর সঙ্গে হ্রদের ধারে একটি রেস্তরাঁর বাইরের প্রাঙ্গণে খাবার খাচ্ছিলেন এক মহিলা। এমন সময় হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে। শক্তিশালী সেই দমকা হাওয়ায় শূন্যে উড়ে যায় একটি ভারী ছাতা। ছাতাটি সোজা গিয়ে হিউগারের বাসিন্দা ৫৬ বছর বয়সি ওই মহিলা ডানা উইঙ্গারের শরীরে গিঁথে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত পৌঁছোলেও লাভ হয়নি।

Advertisement

ক্লারেনডন কাউন্টির এক কর্তা জ্যাকুলিন ব্ল্যাকওয়েল জানিয়েছেন, লেক ম্যারিয়নের ওই রেস্তরাঁয় স্বামীর সঙ্গে নৈশভোজ সারছিলেন উইঙ্গার। এমন সময় প্রবল বাতাসে রেস্তরাঁর একটি ছাতা উড়ে এসে তাঁর মাথা এবং ঘাড়ের মাঝে আঘাত করে। ছাতার সামনের ফলা শরীরে গেঁথে যাওয়ায় গভীর ক্ষত সৃষ্টি হয়। স্থানীয় সময় রাত প্রায় ৮টা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন জরুরি উদ্ধারকর্মীরা। তাঁরা সেখানে পৌঁছে দেখেন, মহিলা অচেতন অবস্থায় পড়ে রয়েছেন এবং তাঁর মাথা ও ঘাড়ে আঘাত লেগেছে। মহিলাকে জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি বলেই জানিয়েছেন ব্ল্যাকওয়েল। একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, “জরুরি চিকিৎসা পরিষেবা সংক্রান্ত নিয়মকানুন অনুসরণ করলেও মহিলাকে বাঁচানো যায়নি।”

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, বুধবার মহিলার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। চরম আবহাওয়ার সময় রেস্তরাঁর বাইরের আসবাবপত্রের নিরাপত্তা মান নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছেন বলেও খবর।

Advertisement

অন্য দিকে রেস্তোরাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় তীব্র ঝড় বয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ঘটনাটি সংশ্লিষ্ট সকলকে গভীর ভাবে প্রভাবিত করেছে। রেস্তরাঁর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘লেক ম্যারিয়নে গত রাতের আকস্মিক তীব্র আবহাওয়ার কারণে ঘটা এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। এটি আমাদের অনেক মানুষকে গভীর ভাবে প্রভাবিত করেছে, যার মধ্যে অতিথি, কর্মী, জরুরি সেবাকর্মী এবং সংশ্লিষ্ট সকলেই রয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement