Viral Video

‘ইংরেজি জানেন?’ প্রশ্ন ক্যাবচালককে, উত্তর শুনে থতমত খেয়ে হেসে ফেললেন দুই তরুণী যাত্রী! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অ্যাপ ক্যাবে সফর করছেন দুই তরুণী। পিছনের আসনে বসে রয়েছেন তাঁরা। ইংরেজিতে কথা বলছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৯:০৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

ধরুন আপনি একটি অ্যাপ ক্যাবে ভ্রমণ করছেন। হঠাৎ আপনি চালককে জিজ্ঞাসা করলেন তিনি ইংরেজি জানেন কি না। আর সেই চালক যদি ইংরেজিতেই কথা বলে নিজের পরিচয় দেন। কেমন হবে আপনার প্রতিক্রিয়া? আপনি হয়তো অবাক হয়ে যাবেন। দুই তরুণীর সঙ্গেও একই ঘটনা ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অ্যাপ ক্যাবে সফর করছেন দুই তরুণী। পিছনের আসনে বসে রয়েছেন তাঁরা। ইংরেজিতে কথা বলছেন। এমন সময় তাঁদের কথা অ্যাপ ক্যাবচালক বুঝতে পারছেন কি না তা জানতে এক তরুণী তাঁকে প্রশ্ন করেন, ‘‘দাদা, আপনি কি ইংরেজি বুঝতে, বলতে পারেন?’’ উত্তরে ওই অ্যাপ ক্যাবচালক ইংরেজিতেই বলেন, ‘‘হ্যাঁ, আমি একজন আইটি ইঞ্জিনিয়ার।’’ তা শুনেই হো হো করে জোরে হেসে ওঠেন দুই তরুণী। অবাকও হয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ব্যাক.বেঞ্চার্স’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ আবার ক্যাবচালকের ইংরেজি বলা শুনে তরুণীদের হাসি ভাল ভাবে নেননি। তরুণীদ্বয়ের বিরুদ্ধে ক্যাবচালককে হেয় করার অভিযোগ তুলেছেন তাঁরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আপনারা কী নিয়ে হাসছেন? এক জন শিক্ষিত ব্যক্তি যদি জীবিকা নির্বাহের জন্য ক্যাব চালান, তা হলে এতে হাসির কী আছে? এক জন ক্যাবচালকের সৎ ভাবে কাজ করা এবং ইংরেজি জানা কি কোনও তামাশার বিষয়?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এই কারণেই আমি আমাদের শিক্ষাব্যবস্থাকে ভয় পাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে ডিগ্রি পাওয়ার পরেও যদি একজন আইটি ইঞ্জিনিয়ারকে ক্যাব চালাতে হয়, তা হলে আর কিছু বলার নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement